২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাতক গ্যাস ক্ষেত্র: নাইকোর উন্নয়ন পরিকল্পনা অনুমোদনের সুপারিশ করে প্রধানমন্ত্রী কার্যালয়ের সিদ্ধান্ত চেয়েছে জ্বালানি বিভাগ

ছাতক গ্যাস ক্ষেত্র উন্নয়নে নাইকোর পরিকল্পনা অনুমোদনের সুপারিশ করে প্রধানমন্ত্রী কার্যালয়ের সিদ্ধান্ত চেয়েছে জ্বালানি বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2006, 03:38 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

রোববার জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিভিন্ন প্রশ্নের জবাবসহ এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

এর আগে জ্বালানি বিভাগের পাঠানো অনুরূপ প্রস্তাব নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর চেয়ে তা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ফেরত পাঠানো হয়েছিল।

পরে জ্বালানি বিভাগ পেট্রোবাংলার কাছ থেকে এ বিষয়ে মতামত নিয়ে আবারো প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি পাঠায়।

এতে নাইকোর প্রস্তাবের কারিগরি দিক ব্যাখ্যা করে কেন উন্নয়ন পরিকল্পনাটি অনুমোদন করা দরকার সে বিষয়েও পেট্রোবাংলার মতামত তুলে ধরা হয়।

জ্বালানি বিভাগের একটি সূত্র জানিয়েছে, নাইকোর কর্মকাণ্ডের ব্যাপারে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা) এর একটি মামলা আদালতে ঝুলে থাকলেও কানাডিয়ান কোম্পানিটির উন্নয়ন পরিকল্পনা অনুমোদনে কোনো ধরনের আইনি জটিলতা নেই।

ট্যাংরাটিলা নামে পরিচিত ছাতক গ্যাস ক্ষেত্রে দুর্ঘটনা নিন্ত্রণের পর নাইকোর পক্ষ থেকে গত বছর এই উন্নয়ন পরিকল্পনা পেট্রোবাংলার কোম্পানি বাপেক্স’র অনুমোদনের জন্যে পেশ করা হয়।

উন্নয়ন পরিকল্পনা অনুসারে ছাতকে দুটি কূপ খননের জন্যে একটি রিগ দীর্ঘ দিন ধরে বাংলাদেশে বসে আছে। অনুমোদন পাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তার জের ধরে নাইকো বর্তমানে চট্টগ্রাম বন্দরে থাকা রিগটি ফেরত পাঠাতে বাংলাদেশ ব্যাংকের অনুমতি চেয়েছে।

নাইকোর কান্ট্রি ম্যানেজার ব্রায়ান অ্যাডলফ বলেন, নাইকো গত অক্টোবর এবং নভেম্বর মাসে রিগ ভাড়া ও অন্যান্য খরচ বাবদ প্রতিদিন ৫০ হাজার মার্কিন ডলার ব্যয় করেছে। ডিসেম্বর থেকে প্রতিদিন রিগ ভাড়া বাবদ ১৫ হাজার মার্কিন ডলার ব্যয় করতে হচ্ছে।

কানাডিয়ান হাই কমিশনার বারবারা রিচার্ডসন জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানকে দেওয়া এক চিঠিতে নাইকোর বিষয়টি নিষ্পত্তি করার অনুরোধ জানিয়েছেন।