২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার আশঙ্কা

বাংলাদেশের কর্তৃপক্ষ বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ না করলে বিভিন্ন সীমান্ত এলাকা বিশেষ করে হিলি বন্দর দিয়ে এদেশে বার্ড ফ্লু ছড়িয়ে পড়তে পারে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2006, 09:50 AM

Updated : 26 Apr 2022, 03:28 PM

স্থানীয়রা বলেছেন, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে বার্ড ফ্লু ভাইরাস এইচ৫এন১ রোগ ধরা পড়ায় দেশের সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা চেকপোস্টগুলোতে অবশ্যই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে।

তারা আরও জানায়, ভারতীয় পণ্যবাহী ট্রাক চালকরা বাড়তি লাভের আশায় বাংলাদেশে প্রবেশের সময় মুরগী নিয়ে এসে স্থল বন্দরের শ্রমিকদের মাঝে বিক্রি করছে। মুরগীগুলো বার্ড ফ্লু সংক্রমণে আক্রান্ত কিনা তা জানা যাচ্ছে না।

বিশ্বের বিভিন্ন দেশসহ প্রতিবেশী দেশ ভারতে বার্ড ফ্লু দেখা দেয়ায় সীমান্তবর্তী দিনাজপুরসহ বিভিন্ন এলাকার লোকজন আতঙ্কিত হয়ে পড়েছে।

এ কারণে সীমান্তবর্তী লোকজন হাটবাজারগুলোতে বয়লার মুরগী ছাড়াও হাঁস-মুরগী, পশুপাখি ও ডিম কেনা-বেচা কমিয়ে দিয়েছে।

এদিকে, বাংলাদেশের সীমান্ত দিয়ে যাতে মুরগী, পাখি বা ডিম প্রবেশ করতে না পারে সেজন্য ইতোমধ্যে বাংলাদেশ রাইফেলস, পুলিশ, স্থানীয় প্রশাসনকে বিভিন্ন সীমান্তে সর্বোচ্চ নজরদারি বজায় রাখার পরামর্শ দেয়া হয়েছে।