সাফল্যগাথা মার্কিন নারীদের নিয়ে নতুন ওয়েবসাইট
বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করা ১২ জন মার্কিন নারীর জীবন উপাখ্যান নিয়ে নতুন একটি ওয়েবসাইট চালু করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
সবার জন্যে সমান অধিকার প্রতিষ্ঠা, সরকারের বিভিন্ন ক্ষেত্রে অবদান, সাহিত্যে, এমনকি যুদ্ধে অন্যদের ছাপিয়ে যেসব নারী উঠে এসেছেন সবার ওপরে তারাই স্থান পেয়েছেন পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক তথ্য কর্মসূচীর আওতায় প্রকাশিত এ ওয়েবসাইটে।
আসন্ন মার্চব্যাপী জাতীয় নারী ইতিহাস মাস এবং ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘উইমেন অব ইনফ্লুয়েন্স’ শীর্ষক এ সাইটটি চালু করা হয় যার ওয়েব ঠিকানা http://usinfo.state.gov/prodicts/pubs/womeninfln
ঔপনিবেশিক আমল থেকে বিংশ শতাব্দী পর্যন্ত আমেরিকার ইতিহাসের উল্লেখযোগ্য সময়ে বিভিন্ন ক্ষেত্রে যে ১২ জন মার্কিন নারী অবদান রেখেছেন তাদের নিয়েই এ আয়োজন।
ফ্রান্সের রাজধানী প্যারিসে এ ১২ জন নারীর ঐতিহাসিক পটভূমি এবং ব্যক্তিগত তথ্য সম্বলিত সংক্ষিপ্ত রচনা প্রকাশ করা হয়।
সদ্য প্রকাশিত এ ওয়েবসাইটে অন্যান্য প্রাসঙ্গিক ওয়েবসাইটের সাথে এর যোগসূত্র এবং সংক্ষিপ্ত রিডিং লিস্টও উল্লেখ করা হয়েছে।
সাইটটিতে ছয়টি সংক্ষিপ্ত অধ্যায় রয়েছে। এগুলো হচ্ছে, ‘গাইডিং লাইটস টু এ নিউ ওয়ার্ল্ড’ (স্যাকাগাউইয়া ও পোকাহনটাস) ‘দ্যা কলোনিয়াল এরা’ (অ্যান ব্রাডস্ট্রিট ও অ্যান হাচিনসন), বার্থ অব এ নেশন’ (এবিগেইল এডামস ও মার্গারেট করবিন), ব্রেকিং দ্যা চেইনস অব স্লেভারি’ (হ্যারিয়েট টাবম্যান ও সোজোর্নার টার্থ), ‘এ উইমেন্স রাইট টু ভোট’ এলিজাবেথ ক্যাডি স্ট্যানটন ও সুসান বি এন্থনি) এবং ‘এ রোল ইন গর্ভমেন্ট’ (জিনেট র্যাঙ্কিন ও হাটেই ক্যারাওয়ে)।
পরবর্তীতে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রের বাইরে যেসব নারী বিভিন্ন ক্ষেত্রে
উল্লেখযোগ্য অবদান রেখেছেন তাদেরকেও এ ওয়েবসাইটে স্থান দেওয়ার আশা প্রকাশ করেছে পররাষ্ট্র দপ্তর।
