খুলনায় চাঞ্চল্যকর হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন
খুলনা নগরীর চাঞ্চল্যকর শেখ হাতেম আলী হত্যা মামলার রায়ে বুধবার ১০ জন আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম ইশতিয়াক হোসাইন এ রায় দেন।
দন্ডপ্রাপ্তরা হচ্ছে- জনি, হুমায়ুন কবীর, সাঈদ, ওয়াজেদ আলী ওরফে সাইজে, কবীর, সোহেল-১, দাউদ, আব্দুর রাজ্জাক খান, সোহেল-২ ও কামরুল। এদের মধ্যে সোহেল-২ পলাতক রয়েছে। অভিযোগ প্রমানিত না হওয়ায় বিটু ওরফে শওকত হোসেন ওরফে রিপনকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে।
১৯৯৯ সালের ৬ সেপ্টেম্বর রাত ৯টায় শেখ হাতেম আলী ও তার সঙ্গী নজরুল, খালেক ও আব্দুল মান্নানকে নিয়ে নগরীর বয়রা এলাকার আইজ্যার মোড়ে গেলে দন্ডপ্রাপ্ত আসামিরা কাটা রাইফেল, পিস্তল ও রামদা নিয়ে হাতেম আলীর উপর চড়াও হয় এবং কুপিয়ে ও গুলি করে হত্যা করে পালিয়ে যায়। ৭ সেপ্টেম্বর নিহতের ছেলে বাবর আলী বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের করেন। পরে বাদী বাবর আলীকেও সন্ত্রাসীরা হত্যা করে। হাতেম আলী নিহত হওয়ার আগে তার আরেক ছেলে শাহজাহানও সন্ত্রাসীদের হাতে নিহত হয়।
সোনাডাঙ্গা থানার দারোগা জাহিদুর রহমান মামলার প্রাথমিক তদন্ত করেন এবং পরবর্তীতে কেএমপি’র গোয়েন্দা শাখার পরিদর্শক আব্দুল আজীজ ও ইদ্রিস আলী খান তদন্ত কার্য সম্পন্ন করেন। ২০০০ সালের ১১ নভেম্বর মূখ্য মহানগর হাকিম আদালতে বিচার কাজ শুরু হয়। পরবর্তিতে ২৬ নভেম্বর অতিরিক্ত সেশন জজ আদালত-৩ এ মামলাটি স্থানন্তর করা হয়। ১২ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার ঐ রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার সময় পলাতক সোহেল বাদে সকল আসামিকে আদালতে উপস্থিত ছিলো। রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন পিপি আকরাম হোসেন।
