যশোরে ডাকাতের হাতে নিহত ১, আহত ১
যশোরের চৌগাছা উপজেলার পল্লীতে রোববার গভীর রাতে ডাকাতের হাতে এক যুবক নিহত ও একজন আহত হয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, উপজেলার রায়নগর গ্রামের সলেমান মিয়ার ছেলে সিদ্দিক ও চারাবাড়ি গ্রামের খলিল বিশ্বাসের ছেলে বাবু রোববার রাত একটার দিকে মোটর সাইকেলে করে চৌগাছা হাসপাতাল থেকে বন্দুলিতলা যাওয়ার পথে হাজরাতলা মাদ্রাসার কাছে ১০/১২ জনের একটি ডাকাত দল গাছের গুঁড়ি ফেলে রাস্তায় ব্যারিকেড দিয়ে মোটর সাইকেল কেড়ে নেওয়ার চেষ্টা করে।
দু’ পক্ষের ধস্তাধস্তির এক পর্যায়ে ডাকাতরা তাদের শাবল দিয়ে আঘাত করে। এতে সিদ্দিক ঘটনাস্থলেই নিহত হয়। গুরুতর আহত বাবুকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
এ ব্যাপারে চৌগাছা থানায় মামলা হয়েছে। নিহত সিদ্দিকের লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
