বাস্তব পদক্ষেপ গ্রহণের মাধ্যমে রেল যোগাযোগ সচল রাখার দাবি জানিয়েছে রেলওয়ে শ্রমিক লীগ
রেলওয়ে শ্রমিক লীগের সমাবেশে যোগাযোগ মন্ত্রীর আকাশ, পাতাল ও চুম্বক রেল চালুর মতো স্বপ্নবিলাসী পরিকল্পনা বাদ দিয়ে বাস্তব পদক্ষেপ গ্রহণের মাধ্যমে রেল যোগাযোগ সচল রাখার দাবি জানানো হয়েছে।
ঢাকা ডিজেল কারখানা রেলওয়ে শ্রমিক লীগ শাখার উদ্যোগে রোববার কারখানা প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে এ দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা স্টেশন রি মডেলিংয়ের নামে অনুৎপাদনশীল খাতে টাকা অপচয় বন্ধ করে ঢাকা-চট্রগ্রাম ডাবল লাইন ও ঢাকা-লাকসাম কর্ডলাইন নির্মাণ এবং চট্রগ্রাম-কক্সবাজার রেল লাইন স্থাপনসহ রেলপথ সংস্কারের মাধ্যমে সঠিক সময়ে ট্রেন চলাচল নিশ্চিত করার দাবি জানান।
সংগঠনের সভাপতি আব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় সভাপতি হুমায়ুন কবির, শ্রমিক লীগ নেতা ইদ্রিস আলী, নুরুল হক এবং সুলতান আহমেদ।
