২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে জেএমবি পরিচয়ে ব্যাংক ডাকাতির চেষ্টা, বোরখা পরিহিত যুবক আটক

গাজীপুরের চান্দনায় রোববার জেএমবির আত্মঘাতি সদস্য পরিচয়ে বোমার ভয় দেখিয়ে ব্যাংক ডাকাতিকালে ব্যাংকের নিরাপত্তাকর্মীরা বোরখা পরিহিত এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2006, 06:30 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক তার নাম দেলোয়ার জাহান লিঙ্কন (২২) বলে জানিয়েছে। সে ময়মনসিংহের নান্দাইলের রুহুল আমিন ওরফে তোতা মিয়ার ছেলে। পুলিশ আটক যুবকের বুকে বাঁধা বোমা সদৃশ বস্তু, ভ্যানিটি ব্যাগ থেকে খেলনা পিস্তল, ছোরা এবং একটি চটের ব্যাগ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১২টারদিকে মহিলা বেশে লিঙ্কন চান্দনা এক্সিম ব্যাংকে ঢুকেই টয়লেটে প্রবেশ করে। কিছুক্ষণ পর সে টাকা লেনদেনের স্থানে যায়। এ সময় নিরাপত্তাকর্মীদের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে চিৎকার বলে তার কাছে বোমা আছে। মুহূর্তেই ব্যাংকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে ব্যাংকের ম্যানেজার অ্যালার্ম বাজালে নিরাপত্তাকর্মীরা তাকে জাপটে ধরে।

পরে র্যাব এবং পুলিশ ঘটনাস্থালে গিয়ে লিঙ্কনকে আটক করে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যায়। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, জেএমবি সেজে বোমার ভয় দেখিয়ে ব্যাংক লুট করাই ছিল তার মূল উদ্দেশ্য। একাজে তার কোন সঙ্গী ছিল কিনা জানতে চাইলে সে একেক বার একেক ধরনের কথা বলে।

গাজীপুর পুলিশ সুপার আতিকুল ইসলাম জানান, আটক লিঙ্কনের সাথে জেএমবির কোন সংশিলষ্টতা রযেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।