বিশ্বব্যাংকের বিরুদ্ধে দায়েরকৃত ইসমত জেরিনের মামলার শুনানি সোমবার
বিশ্বব্যাংকের বিরুদ্ধে ইসমত জেরিন খানের দায়ের করা মামলায় বিবাদীরা সোমবার জবাব দাখিল করবেন।
সূত্র জানায়, বিশ্বব্যাংকের লিগ্যাল ডিভিশনের সিনিয়র কাউন্সেল যুক্তরাষ্ট্রের নাগরিক ক্রিস্টোফার লারনার ঢাকায় নিু আদালতে বিবাদীদের পক্ষে শুনানির জন্য হাজির হতে পারেন।
বিশ্বব্যাংক ঢাকা অফিসের বর্হিবিষয়ক কর্মকর্তার পদ থেকে জেরিন খানকে বরখাস্ত করা হলে তিনি ২০০১ সালের ৬ জানুয়ারি তৎকালীন কান্ট্রি ডিরেক্টর ফ্রেডেরিক টি টেম্পল, মানব সম্পদ কর্মকর্তা সামিনা জি আমিনকে বিবাদী করে ওই বরখাস্ত আদেশকে অবৈধ, বেআইনী, অকার্যকর ঘোষণা চেয়ে ঢাকার প্রথম শ্রেনীর জজ আদালতে দেওয়ানি মামলা করেন। তিনি এই বরখাস্ত কার্যক্রমের ওপর একই সাথে নিষেধাজ্ঞাও প্রার্থনা করেন।
শুনানি শেষে বাদী ওই আদালত থেকে মূল মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বরখাস্ত কার্যক্রমের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পান।
বিবাদীরা মোট ১৪টি ধার্য্য তারিখে সময় পেয়েও হাজিরা না দিয়ে পরবর্তীতে ২০০২ সালে ২৩ মার্চ আইনজীবীর মাধ্যমে আদালতে হাজির হয়ে সরাসরি আরজী খারিজের আবেদন করেন। মামলা খারিজের আবেদনে বিবাদীরা উল্লেখ করেন, বিশ্বব্যাংক ইমিউনিটি অধিকার ভোগ করে বলে তাদের বিরুদ্ধে মামলা করা যাবে না।
এ পর্যায়ে বিষয়টি নিয়ে আদালত অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের কাছে মতামত চায়। তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ, দুই এটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম, এএসএম হাসান আরিফ বিশ্বব্যাংক এবং বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তিপত্রের ৭ ও ৩ অনুযায়ী ‘বিশ্বের যেসব অঞ্চলে এই ব্যাংকের দপ্তর আছে সে সব অঞ্চলের যথাযথ আদালতে ব্যাংকের কাজের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যাবে’ উল্লেখ করে মতামত দেন।
এ ব্যাখ্যার পর সহকারি জজ মামলা খারিজের আবেদন না মঞ্জুর করলে এ আদেশের বিরুদ্ধে বিবাদীরা সুপ্রিম কোর্টে আপিল করেন। আপিল বিভাগ ইমিউনিটির বিষয়টি মূল মোকদ্দমার বিষয় হিসেবে আলাদাভাবে বিবেচনা না করে একসাথে বিচার্য বিষয় হিসেবে গ্রহণপূর্বক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দ্রুত নিষ্পত্তির অবজারভেশন দিয়ে মামলাটি নিু আদালতে পাঁঠিয়ে দেন।
২০০৬ সালের ২ জানুয়ারি সহকারি জজ আদালতে পুনরায় মামলাটির কার্যক্রম শুরু হয়। কিন্তু তিনটি ধার্য্য করা তারিখে মামলাটির জবাব দাখিল না করে বিবাদীরা মামলার কাগজপত্র বাংলা থেকে ইংরেজীতে অনুবাদ করে দাখিল করার অনুরোধ করলে বাদী সে অনুযায়ী তা দাখিল করেন। বিবাদীর পক্ষে হাইকোর্টে মামলাটি পরিচালনা করেন ব্যারিস্টার রফিক উল হক।
