বিমানের ফ্লাইট সিডিউল ঠিক হতে লাগবে ৫দিন, জিয়া’য় যাত্রী বিক্ষোভ
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিপর্যস্ত ফ্লাইট সিডিউল ঠিকঠাক হতে আরো অন্তত চার-পাঁচদিন সময় লাগবে।
বিমান সূত্র জানায়, একসঙ্গে চারটি ডিসি-১০ উড়োজাহাজ বসে যাওয়ার (গ্রাউন্ডেড) পর শুক্রবার সংস্থাটি ১৭ টি আন্তর্জাতিক রুটের ফ্লাইট রি-সিডিউল করলেও ফিরতি ফ্লাইট ও কানেকটিং ফ্লাইটগুলো বিলম্বিত হবে। সব মিলিয়ে বিমানের যাত্রীদের এখন পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।
এ অবস্থায় নানা ভোগান্তির শিকার বিমানের যাত্রীরা শনিবার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে বিক্ষোভ করেন। তবে এ সময় তাদের বিক্ষোভ প্রশমনে বিমানের কোনো কর্মকর্তাকে দেখা যায়নি।
মধ্যপ্রাচ্যগামী বেশ কয়েকজন যাত্রী সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করে জানতে চান, ‘আমাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। কিন্তু এর দায়-দায়িত্ব কে নেবে?’
এদিকে বিমানের একজন মুখপাত্র আশাপ্রকাশ করে বিডিনিউজকে বলেন, ব্রাসেলসে ও জিয়া বিমানবন্দরের হ্যাঙ্গারে গ্রাউন্ডেড তিনটি ডিসি-১০ উড়োজাহাজের মধ্যে অন্তত দুটি আজকালের ভেতরে আবার বিমানের বহরে যোগ হবে। ফলে ফ্লাইট সিডিউল দু-তিনদিনের মধ্যে স্বাভাবিক হয়ে আসবে।
তিনি জানান, জরুরি রক্ষণাবেক্ষণ সি-চেক’এর কারণে আরেকটি গ্রাউন্ডেড ডিসি-১০ সচল হতে আরো সময় লাগবে।
বিমানের উড়োজাহাজ বহরে এখন একটি ডিসি-১০, চারটি এয়ারবাস ও চারটি এফ-২৮ উড়োজাহাজ সচল রয়েছে।
