ভূমিকম্পের প্রথম শিকার হবে ফায়ার সার্ভিসের উদ্ধারকারীরা: কামাল ইবনে ইউসুফ
খাদ্য ও দুর্যোগ ব্যাবস্থাপনা মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ বলেছেন, ভূমিকম্প জনিত দুর্যোগ ব্যাবস্থাপনায় কমিউনিটি পার্টিসিপেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, বাংলাদেশ বহুবিধ প্রাকৃতিক বিপর্যয়ের দেশ, এরমধ্যে ভূমিকম্প ও সুনামি সবচেয়ে ভয়াবহ।
নগর ভবন মিলনায়তনে বৃহস্পতিবার ঢাকা সিটি কর্পোরেশন ও দুর্যোগ ব্যাবস্থাপনা ব্যুরোর (ডিএমবি) যৌথ উদ্যেগে আয়োজিত ‘ঢাকা সিটি কর্পোরেশনের ভূমিকম্প ব্যাবস্থাপনা’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।
ডিএমবি’র ভারপ্রাপ্ত মহাপরিচালক খন্দকার মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খাদ্য ও দুর্যোগ ব্যাবস্থাপনা সচিব আব্দুর রশীদ সরকার, ঢাকা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইফউদ্দিন আহমেদ, ডিএমবি’র পরিচালক আবু সাদেক এবং সিডিএমপি’র উপদেষ্টা ওহিদুর রহমান।
খাদ্য ও দুর্যোগ ব্যাবস্থাপনা মন্ত্রাণালয়ের উপসচিব আবু সাদেক ‘ভূমিকম্প ও নগরবাসীর স্বেচ্ছাসেবা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
মূল প্রবন্ধে আবু সাদেক বলেন, যদি ঢাকা মহানগরীতে রিখটার স্কেলে ৮ মাত্রার কোন ভূমিকম্প হয়, তবে এতে অন্ততপক্ষে ৪৫ হাজার থেকে ৮৬ হাজার বাসিন্দা নিহত হবে, এবং আহত হবে অন্ততপক্ষে ১১ লক্ষ বাসিন্দা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সেনা বাহিনী, ডিডিসি ও ডিএমবি সহ বিভিন্ন প্রতিষ্ঠান ভূমিকম্প প্রতিরোধে কাজ করছে। কিন্তু তাদের মধ্যে কোন সমন্বয় নেই, যা কখনোই কোন ভালো ফলাফল আনতে পারে না।
দিনব্যাপী কর্মশালায় ঢাকা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনারবৃন্দ এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ৯০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
