নাইকোর দেয়া সময়সীমা বৃহস্পতিবার শেষ: যথাযথ বিবেচনার জন্যে কানাডিয়ান হাইকমিশনারের অনুরোধ
ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্র উন্নয়নে নাইকোর দেয়া প্রস্তাব সুবিবেচনার জন্যে কানাডিয়ান হাই কমিশনার এক চিঠিতে সরকারকে অনুরোধ জানিয়েছেন। বৃহস্পতিবার এ বিষয়ে নাইকোর দেয়া প্রস্তাব বিবেচনার সময়সীমা শেষ হচ্ছে।
বিষয়টি সঠিক এবং স্বচ্ছভাবে দ্রুততার সাথে নিষ্পত্তি করার অনুরোধ জানিয়ে জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানের কাছে চিঠিটি লিখেছেন কানাডিয়ান হাই কমিশনার বারবারা রিচার্ডসন।
চিঠিতে তিনি তার উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ট্যাংরাটিলা নামে পরিচিত ছাতক গ্যাস ফিল্ড উন্নয়নে নাইকোর দেয়া নথি প্রধানমন্ত্রী কার্যালয় থেকে আরো তথ্য ও ব্যাখ্যা চেয়ে জ্বালানি বিভাগে ফেরত পাঠানো হয়েছে। তিনি আশা করেন যে, নাইকোর বিষয়টিকে যথাযথ গুরুত্বের সাথে বিবেচনা করা হবে।
তিনি বলেন, “এ ঘটনার সন্তোষজনক নিষ্পত্তি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী কানাডিয়ান কোম্পানিগুলোর সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে। একই সাথে তা বৃহত্তর পরিসরে বিনিয়োগকারীদের আগ্রহ সৃষ্টিতেও সহায়ক হবে।”
আর এটার কোনো সম্মানজনক নিষ্পত্তি না হলে নাইকো এ দেশে তাদের বিনিয়োগ এবং কর্মকান্ড কমিয়ে দিতে বাধ্য হবে।
হাই কমিশনার তার চিঠিতে উল্লেখ করেন বাংলাদেশে কানাডা একক বৃহত্তর বিনিয়োগকারী হিসাবে ৪৩ মিলিনয় মার্কিন ডলার বিনিয়োগ করেছে। একই সাথে ট্যাংরাটিলায় ঘটে যাওয়া দূর্ভাগ্যজনক ব্লো আউট নিয়ন্ত্রণে আনার জন্যে নাইকো আরো ৬৫ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করেছে।
এদিকে নাইকো রিসোর্সেস বাংলাদেশ লিমিটেডের কান্টি ম্যানেজার ব্রায়ান এডলফ বলেছেন, বৃহস্পতিবারের মধ্যে তাদের প্রস্তাবের বিষয়ে সরকারের কাছ থেকে ইতিবাচক কোনো সাড়া পাওয়া না গেলে তারা চট্টগ্রাম বন্দরে বসে থাকা রিগ ফেরত পাঠাতে বাধ্য হবেন।
বুধবার সাংবাদিকদের সাথে আলাপকালে ব্রায়ান বলেন, রিগ বাবদ ব্যয় আর বাড়তে দেয়া সম্ভব নয়।
নাইকো ইতোমধ্যেই গত অক্টোবর এবং নভেম্বর মাসে রিগ ভাড়া ও অন্যান্য খরচ বাবদ প্রতিদিন ৫০ হাজার মার্কিন ডলার ব্যয় করেছে। আর গত ডিসেম্বর থেকে প্রতিদিন রিগ ভাড়া বাবদ ১৫ হাজার মার্কিন ডলার ব্যয় করতে হচ্ছে।
ব্রায়ান বলেন, তবে নাইকো বাংলাদেশ ছেড়ে যাচ্ছে না। তার ভাষায় “আমরা বাংলাদেশ সরকারের সাথে কাজ করতে চাই এবং তাদের কাছ থেকে আমরা ন্যয় আচরণ প্রত্যাশা করি।”
তিনি গ্যাস ক্রয় বিক্রয় চুক্তি স্বাক্ষর না হওয়ার বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, কোম্পানি ফেনি থেকে ১৮ মিলিয়ন মার্কিন ডলারের গ্যাস সরবরাহ করে এ যাবত সরকারের কাছ থেকে পেয়েছে মাত্র ৪ মিলিয়ন মার্কিন ডলার।
তিনি দ্রুততার সাথে জিপিএসএ স্বাক্ষরের অনুরোধ করে বলেন, নইলে ফেনি থেকে আর গ্যাস সরবরাহ করা সম্ভব হবে না। তিনি বলেন, অন্তবর্তীকালীন সময়ের জন্যে আমরা প্রতি হাজার ঘনফুট গ্যাসের দাম ১ দশমিক ৭৫ মার্কিন ডলার ধরেও চুক্তি করতে সম্মত। কিন্তু এটিও এগুচ্ছে না।
এর আগে দাম নেগোসিয়েশন পর্যায়ে সরকারের পক্ষ থেকে নাইকোকে প্রতি হাজার ঘনফুট গ্যাসের দাম ২ দশমিক ১০ মার্কিন ডলার দিতে চাওয়া হয়। কিন্তু নাইকোর পক্ষ থেকে এটা সর্বন্মিন ২ দশমিক ৩৫ মার্কিন ডলার চাওয়া হয়।
এই পর্যায়ে নাইকোর পক্ষ থেকে আরবিটেশনের মাধ্যমে গ্যাসের দাম নির্ধারণে জ্বালানি বিভাগের কাছে প্রস্তাব দেয়া হয়। কিন্তু এর কোনো সাড়া পাওয়া যায়নি।
