বিমানের হজ্ব ফ্লাইট শেষ: ৪২,৯৪৯ জন হজ্ব আদায় করলেন
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এ বছরের হজ্ব ফ্লাইট মঙ্গলবার রাতে শেষ হয়েছে। রাত ৩টা ৪০ মিনিটে বিমানের সর্বশেষ হজ্ব ফ্লাইটটি ২০৬ জন হাজ্বীকে নিয়ে জেদ্দা থেকে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে নামে।
বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার জানানো হয়, ওই ফ্লাইটের যাত্রীদের স্বাগত জানাতে সংস্থার উর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
বিমানের ব্যবস্থাপনায় এ বছর সর্বোচ্চ সংখ্যক হাজ্বী (৪২ হাজার ৯৪৯ জন) পরিবহন করা হয়। এরমধ্যে দু’হাজার ৬৩০ জন ব্যলটি, সাড়ে ৫০০ জন সরকারি হজ্ব কর্মকর্তা এবং বাকীরা নন-ব্যালটি হাজ্বী।
এ বছর ১১ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি জেদ্দাগামী হজ্ব ফ্লাইট এবং ১৪ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি ফিরতি হজ্ব ফ্লাইট পরিচালনা করা হয়। বিমান লিজে নেওয়া একটি বোয়িং-৭৪৭ ও একটি এয়ারবাস- ৩৩০ এবং একটি নিজস্ব ডিসি- ১০ উড়োজাহাজ দিয়ে হজ্ব ফ্লাইট পরিচালনা করে। ৯২টি হজ্ব ফ্লাইট ছাড়াও বিমান ও অন্যান্য এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট এবার হাজ্বীদের পরিবহন করা হয়।
অন্যান্য বছরের মতো বিমান এবার চট্টগ্রাম থেকে সরাসরি চারটি হজ্ব ফ্লাইট পরিচালনা করে।
