মোহাম্মদ (সাঃ)’র ব্যাঙ্গাত্মক কার্টুনের বিরোধিতায় চট্টগ্রাম মেয়রের জাতীয় প্রতিরোধ দিবস ডাক দেওয়ার আহ্বান
চট্টগ্রাম নগর মেয়র এবিএম মহিউদ্দীন চৌধুরী সোমবার হযরত মোহাম্মদ (সাঃ)’র ব্যাঙ্গাত্মক কার্টুন প্রকাশের সমালোচনা করে বাংলাদেশসহ সমগ্র মুসলিম রাষ্ট্রকে ডেনমার্কের সাথে সকল সম্পর্ক ছেদ করার আহ্বান জানিয়েছেন।
মেয়র ডেনমার্ক সংবাদপত্র ও অন্যান্য ইউরোপীয় মিডিয়াতে রাসূল (সাঃ)কে কটাক্ষ করার কঠোর সমালোচনা করেন এবং এ ব্যাপারে আন্তর্জাতিক আদালতে যথাযথ বিচারের দাবি জানান।
লালদীঘি ময়দানে আয়োজিত এক প্রতিরোধ সমাবেশের মেয়র নের্তৃত্ব দেন।
মহিউদ্দীন চৌধুরী সরকারের কাছে এই ধরনের ন্যাক্কারজনক কাজের জন্য একটি জাতীয় প্রতিরোধ দিবস ডাক দেওয়ার দাবি জানান। তিনি বলেন নতুবা আগামী ২২ ফেব্রুয়ারি লালদীঘি ময়দানে জনগণের ডাকা সমাবেশে পরবর্তী কর্মসূচী ঘোষণা করা হবে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত এই সমাবেশে মওলানা মুসলেমউদ্দীন সভাপতিত্ব করেন। এছাড়া সমাবেশে সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, আ.লীগ নেতা নুরুল ইসলাম, মুসলেমউদ্দীন ওয়ার্ড কমিশনার ইকবাল হাফিজ যুবরাজ এবং জাভেদ নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।
