কোর্টে নিরাপত্তার নামে পুলিশের বাড়াবাড়ি, ক্রসফায়ারে মেরে ফেলার হুমকি
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে রোববার পুলিশের সাথে একজন আইনজীবির সাথে বিবাদের পর পুলিশ তাকে ক্রসফায়ারের মেরে ফেলার হুমকি দিয়েছে।
মুখ্য মহানগর হাকিম আদালতের নতুন ভবনের সামনের রাস্তায় মোটরসাইকেলে করে আইনজীবি জোবায়দুল ইসলাম আদালত প্রাঙ্গনে ঢুকতে চাইলে তিনজন পুলিশ তাকে বাঁধা দেয়। আইনজীবী তার পরিচয়পত্র দেখানোর পরেও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কনস্টেবল মহিউদ্দীন (২০৯১৮), কনস্টেবল তাজুল ইসলাম (৩৯১৮) এবং নায়েক রেজাউল তাকে যেতে না দিতে চাইলে এক পর্যায়ে তাদের মাঝে কথা কাটাকাটি শুরু হয়।
বাক-বিতন্ডার এক পর্যায়ে পুলিশ সদস্যরা বলেন, এই জায়গা দিয়ে শুধু আমাদের গাড়িই চলবে।
এই কথায় আইনজীবি পুলিশের উর্দ্ধতন কর্মকর্তার সাথে কথা বলতে চাইলে পুলিশ সদস্যরা তার দিকে বন্দুক উঁচিয়ে ক্রসফায়ারে মেরে ফেলার হুমকি দেয়।
শোরগোল শুনে আশপাশের আইনজীবীরা ও লোকজন এগিয়ে এলে রেজাউল ডিউটি ছেড়ে ওই স্থান ত্যাগ করে। পরে তাকে আর আদালত প্রাঙ্গনে খুঁেজ পাওয়া যায়নি।
আইনজীবিরা আদালত পাড়ার গোয়েন্দা বিভাগের উপ পুলিশ কমিশনার আফসার উদ্দীনের কাছে বিষয়টি জানালে তিনি অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
ঘটনাস্থলে উপস্থিত বেশ কয়েকজন মোহরার ও বিচারপ্রার্থী সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, নিরাপত্তা কর্মীদেরকে টাকা দিলে আদালত প্রাঙ্গনে সহজে প্রবেশ করা যায়। আর গেপ্তারকৃত হাজতীদের খাবার দিতে গেলে নিরাপত্তার দোহাই দিয়ে আদালতের প্রবেশ মুখে নিরাপত্তাকর্মীরা আগের চেয়ে বেশি রেটে টাকা নিচ্ছে।
