মোটরযানের বায়ু দূষণ রোধে রোডম্যাপ প্রণয়ন
ইউরো অনুমোদিত নিঃসরণ মানমাত্রার অনুরূপ বাংলাদেশ - ১ এবং বাংলাদেশ - ২ মানমাত্রা চালু করেছে সরকার। একই সাথে সরকার ঢাকাসহ অন্যান্য নগরীর মোটরযান নিঃসরিত বায়ু দূষণ রোধে একটি রোডম্যাপ প্রণয়ন করেছে।
নতুন চালু করা এ দূষণ মানমাত্রা শিগগিরই কার্যকর হবে এবং তা দেশে তৈরি ও আমদানিকৃত ডিজেল, পেট্রোল ও গ্যাস চালিত সব ধরনের নতুন ও রিকন্ডিশন গাড়ির ক্ষেত্রে প্রয়োগ করা হবে।
এ ব্যাপারে মোটরযানের ক্ষতিকর বায়ু দূষণ থেকে জনস্বাস্থ্য রক্ষায় এবং বায়ু মান আরও উন্নয়নের লক্ষ্যে সরকার ১৯৯৭ সালের পরিবেশ সংরক্ষণ বিধিমালার সংশ্লিষ্ট ধারায় প্রয়োজনীয় সংশোধন আনবে।
এ রোডম্যাপের আওতায় কালো ধোঁয়া পরীক্ষাকালে ২০০৪ সালের ১ সেপ্টেম্বরের আগে রেজিস্ট্রেশনকৃত ডিজেল চালিত বাসের ক্ষেত্রে ২০০৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ৮০ এইচ.এস.ইউ নিঃসরণ মানমাত্রা গ্রহণযোগ্য হবে। এরপর ২০০৮ সালের ডিসেম্বর পর্যন্ত ৭০ এইচ.এস.ইউ এবং ২০০৯ সালের ডিসেম্বর পর্যন্ত ৬৫ এইচ.এস.ইউ গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে।
একইভাবে ডিজেল চালিত ট্রাক ও অন্যান্য যানের ক্ষেত্রে এ নিঃসরণ মানমাত্রা ২০০৬, ২০০৮ ও ২০০৯ সাল পর্যন্ত যথাক্রমে ৯০, ৮০ ও ৬৫ এইচ.এস.ইউ গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে।
এছাড়া ২০০৪ সালের ১ সেপ্টেম্বরের পর রেজিস্ট্রেশনকৃত ন্যাচারালি অ্যাসপিরিটেড ও চার্বোচার্জযুক্ত ডিজেল চালিত মোটরযানের ক্ষেত্রে এ নিঃসরণ মানমাত্রা হবে যথাক্রমে ৬৫ ও ৭২ এইচ.এস.ইউ।
কার্বন মনো - অক্সাইড ও হাইড্রোকার্বন এর নিঃসরণকে ডিজেল ও পেট্রোল চালিত সকল ধরনের মোটরযানের ক্ষতিকর দূষক হিসেবে বিবেচনা করে একইভাবে ২০০৪ সালের সেপ্টেম্বরের আগে ও পরে রেজিস্ট্রেশনকৃত গাড়ির ক্ষেত্রে পৃথক মানমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সংশোধনীতে এই প্রথমবারের মতো পরিবেষ্টক বায়ুর মান সংযোজন করে কার্বন মনো - অক্সাইড, সিসা, নাইট্রোজেল ডাই - অক্সাইড, সাসপেনডেন্ট পার্টিকুলেট মেটার (এসপিএম), ওজন এবং সালফার ডাই - অক্সাইড এর মতো ক্ষতিকর বায়ু দূষকের মানমাত্রা নির্ধারণ করে দেওয়া হয়েছে।
দেশে তৈরি ও আমদানিকৃত ডিজেল ইঞ্জিনের সব ধরনের নতুন ও রিকন্ডিশন গাড়ির ক্ষেত্রে ইউরো - ১ অনুমোদিত নিঃসরণ মানমাত্রার অনুরূপ বাংলাদেশ - ১ কার্যকর হবে। অপরদিকে পেট্রোল ও গ্যাস চালিত মোটরযানের ক্ষেত্রে ইউরো - ২ নিঃসরণ মানমাত্রার অনুসরণে বাংলাদেশ - ২ কার্যকর হবে।
বায়ু দূষণ কমানোর লক্ষ্যে সংশ্লিষ্ট মোটরযান মালিকগণ রোডম্যাপে উল্লেখিত নতুন নিঃসরণ মানমাত্রা অনুসরণ করে তাদের যান চালাবেন বলে সরকার আশা করছে। নগরবাসীর জনস্বার্থ রক্ষায় এ ব্যাপারে সমাজের সকল স্তরের মানুষকে সহযোগিতার আহ্বান জানিয়েছে সরকার।
