সুন্দরবনের উপর নির্ভরশীল পেশাজীবীদের অধিকার নিশ্চিত করতে পৃথক বন আইন প্রনয়ণের দাবি
সুন্দরবনের উপর নির্ভরশীল পেশাজীবীদের আধিকার নিশ্চিত করতে পৃথক বন আইন প্রণয়নের জন্যে শনিবার এক সংবাদ সম্মেলনে বক্তারা দাবি জানিয়েছে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে শনিবার সকালে দাতা সংস্থা মানুষের জন্য- এর সহযোগিতায় উন্নয়ন সংস্থা প্রদীপণ আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সুন্দরবনের সম্পদের মাত্রাতিরিক্ত ও অসচেতন আরোহণ, যথেচ্ছাভাবে ব্যাবহার এবং নির্বিচারে বন নিধনের ফলে বিশাল এই সম্পদের অস্তিত্ব হুমকির সম্মুখীন। ফলে সুন্দরবনের উপর নির্ভরশীল পেশাজীবীদের জীবিকা নির্বাহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এই অবক্ষয় চলতে থাকলে সুন্দরবনের অস্তিত্ব অদুর ভবিষ্যতে বিলীন হয়ে যাবে এবং এর ফলে সুন্দরবনের উপর নির্ভরশীল প্রায় সাত লাখ পেশাজীবী ও তাদের পরিবারে চরম বিপর্যয় নেমে আসবে। কিন্তু এব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন মাথাব্যাথা নেই।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রদীপণের প্রকল্প সমন্বয়কারী শেখ জাহিদুর রহমান, সাজ্জাদুর রহমান এলিন, ইয়াকুব আলী সর্দার, শাহিন কাওসার ও শহীদুল্লাহ মজুমদার।
