কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে ২ বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে শনিবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দু’বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়েছে।
দৌলতপুর উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের ধর্মদহ বিডিআর ক্যাম্পের অদূরে ১৪৭ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে পার্শ্ববর্তী মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের বর্ডারপাড়া গ্রামের ইব্রাহিমের ছেলে আকবর ( ৩৫) ও আমির হোসেনের ছেলে আশরাফুল (৩০)।
বিডিআর ও স্থানীয় সূত্র জানায়, শনিবার ভোরের দিকে ১০ জনের একটি গরু ব্যবসায়ী দল ধর্মদহ সীমান্তের কাঁটাতারের বেড়া ডিঙ্গিয়ে সাড়ে তিনশ’ গজ ভারত অভ্যন্তরে ঢুকে পড়ে। এ সময় নদীয়া জেলার করিমপুর থানার ভাড়–লপাড়া ক্যাম্পের ৯৪ ব্যাটালিয়নের বিএসএফ’র একটি টহল দল তাদের লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই আকবর ও আশরাফুল নিহত হয়। অন্য সঙ্গীরা গুলিবিদ্ধ লালচাঁদকে (৩৬) গুরুতর আহত অবস্থায় নিয়ে এসে গাংনী হাসপাতালে ভর্তি করে।
বিডিআর ঘটনার সত্যতা স্বীকার করেছে। তারা বলেছেন, তাদের কাছে এ ব্যাপারে এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পাওয়ার পরেই চিঠি দিয়ে দু’দেশের ফ্লাগ মিটিং কল করা হবে।
