গাজীপুরে যমুনা স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ জন জীবন্ত দগ্ধ, আহত ২০
গাজীপুর জেলার শফিপুরে যমুনা স্পিনিং মিলে বুধবার রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে জীবন্ত দগ্ধ হয়ে মহাব্যবস্থাপক ও এক নারীসহ কমপক্ষে ছয়জন কর্মকর্তা-কর্মচারি নিহত এবং ২০ জনেরও বেশি শ্রমিক আহত হয়েছে। বৃহস্পতিবার দমকল বাহিনী সূত্রে একথা জানা যায়।
সূত্র জানায়, বুধবার রাত ১১ টার দিকে যমুনা গ্রুপের মালিকানাধীন যমুনা স্পিনিং মিলে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে বিভিন্ন স্থান থেকে দমকল বাহিনীর কমপক্ষে ১০টি ইউনিট ঘটনাস্থলে ছুটে আসে। এছাড়াও আগুনের বি¯তৃতি বাড়ার সাথে সাথে উদ্ধারকার্যে সহায়তা করার জন্য স্থানীয় জনগণও এগিয়ে আসে।
নিহতরা হলেন, ব্যবস্থাপক (প্রশাসন) লেফটেন্যান্ট কমান্ডার (অব.) নজরুল ইসলাম (৫০), উৎপাদন কর্মকর্তা কামরুল ইসলাম (৩৫), সহকারী মান নিয়ন্ত্রক সইফুল ইসলাম (২৭), ড্রপার ম্যান বাদশাহ মিয়া (৩০), নিরাপত্তা রক্ষী তাহের (৫০) এবং অজ্ঞাত এক মহিলা।
আহতদের মধ্যে মাত্র তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হচ্ছে, হাবিলদার আবদুস সাত্তার (৪০), দমকল কর্মী শামীম (৩৫) ও নিরাপত্তা রক্ষী শামীম আহমেদ (৪৪)।
অগ্নিকাণ্ডে প্রায় একশ কোটি টাকার মালামাল ও যন্ত্রপাতি পুড়ে গেছে বলে জানায় মিল কর্র্তৃপক্ষ।
মিলের ব্যবস্থাপনা পরিচালক নুরুল ইসলাম বলেন, শট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
তবে শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে জানান গাজীপুর দমকল বাহিনীর উপ পরিচালক শহিদুল ইসলাম।
প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানায়, আগুন লাগার সাথে সাথে মিলের ভেতরে কর্মরত ৭০০ শ্রমিক ভীতসন্ত্রস্ত হয়ে বাইরে বের হওয়ার চেষ্টা করে। তবে কেবলমাত্র একটি দরজা খোলা থাকার কারণে তারা সবাই বের হতে পারেনি।
হৈ চৈ শুনে পার্শ্ববর্তী শামীম স্পিনিং মিল, শামীম কম্পোজিট, যমুনা ডেনিম, ক্রাউন বেভারেজ ও অন্যান্য কোম্পানির কর্মকর্তা-কর্মচারি ও শ্রমিকরা অগ্নিকাণ্ডের শিকার ব্যক্তিদের সাহায্যার্থে এগিয়ে আসে।
কিন্তু পুরো মিলে আগুন ছড়িয়ে পড়ায় তারা কেউ মিলে ভেতরে প্রবেশ করতে পারেননি।
পুলিশ ও এলাকাবাসীর সহায়তা দমকল বাহিনী উদ্ধার অভিযান চালায়। প্রায় ১৪ ঘন্টা আপ্রাণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। আগুন নিভে গেলে শতশত লোক উদ্ধার অভিযানে অংশ নেয়।
পুলিশ ও র্যাব সদস্যরা এলাকাটি ঘিরে রেখেছে।
