পবিত্র আশুরা শুক্রবার
কারবালা প্রান্তরে মহানবী হযরত মোহাম্মদ (স.) এর দৌহিত্র হযরত ইমাম হোসেন (রা.) এর মৃত্যুর শোকাবহ স্মৃতিকে স্মরণ করে সারা বিশ্বের মুসলিমদের মতো বাংলাদেশেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুক্রবার পবিত্র আশুরা পালিত হবে।
পবিত্র ধর্ম ইসলাম রক্ষায় ও মহানবীর শিক্ষাকে মহিমান্বিত রাখতে ৬১ হিজরির ১০ মহররম হযরত ইমাম হোসেন (রা.) তার ঘনিষ্ট আত্মীয় স্বজন ও পরিবারসহ কারবালার প্রান্তরে ইয়াজিদের সৈন্যদের হাতে বন্দি ও শহীদ হন।
পবিত্র আশুরা উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। দিনটি উপলক্ষে ইসলাম ধর্মের বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দল বিভিন্ন কর্মসূচি পালন করবে। এর মধ্যে রয়েছে ওয়াজ মাহফিল, আলোচনাসভা, তাজিয়া মিছিল। ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন জেলায় ও থানা পর্যায়ে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে।
পবিত্র আশুরা উপলক্ষে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিরোধী দলীয় নেতা ও সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা বাণী প্রদান করেছেন।
রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, পবিত্র আশুরা সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য সমগ্র মুসলিম উম্মাহ্র জন্য এক তাৎপর্যময় ও শোকের দিন। তিনি এ দিনে কারবালায় শাহাদত বরণকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের রুহের মাগফেরাত কামনা করেন।
রাষ্ট্রপতি আশুরা উপলক্ষে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি মুসলিম উম্মাহ্র ঐক্য, সংহতি ও অব্যাহত অগ্রগতি কামনা করেন।
পবিত্র আশুরা উপলক্ষে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার বাণীতে মুসলিম উম্মাহ্র প্রতি মোবারকবাদ জানান। তিনি বলেন, সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় হযরত ইমাম হোসেন (রা.)-এর এই আত্মত্যাগ মুসলিম উম্মাহ্র কাছে প্রেরণার এক জ্বলন্ত দৃষ্টান্ত হয়ে আছে।
প্রধানমন্ত্রী শহীদ ইমাম হোসেন (রা.) এবং তার পরিবার ও আত্মীয় স্বজনের রুহের মাগফেরাত কামনা করেন। তিনি ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে দিন পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।
সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী পবিত্র আশুরা উপলক্ষে তার বাণীতে বিশ্বের সকল মানুষের অধিকার শান্তি সম্প্রীতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বলেন, আত্মত্যাগের মহিমাই এই দিনের শিক্ষা ও তাৎপর্য। অন্যায়-অবিচার ও হানাহানির মধ্য দিয়ে ক্ষমতা দখলের এক হীন প্রয়াসের ঐতিহাসিক কাহিনী আমাদের স্মরণ করিয়ে দেয় ১০ মহররম।
তিনি বলেন, মানব জাতির মুক্তি ও কল্যাণে এ দিনটির তাৎপর্য ও শিক্ষা আমাদের সব সময় অনুপ্রেরণা যোগায়।
বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন এবং বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল আশুরা উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে এবং জাতীয় দৈনিকগুলো এ দিনটির বিশেষ তাৎপর্য তুলে ধরে বিভিন্ন লেখা প্রকাশ করবে।
