২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চুক্তি অনুসরণ করেই ফুলবাড়ি কয়লা খনি উন্নয়নে সিদ্ধান্ত নেয়া হবে: জ্বালানি উপদেষ্টা

জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান বলেছেন, চুক্তি অনুসরণ করেই বর্তমান সরকার এশিয়া এনার্জি কপোরেশনের প্রস্তাবের আলোকে ফুলবাড়ি কয়লা খনি উন্নয়নে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2006, 07:19 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

তিনি বলেন, তারা উন্মুক্ত পদ্ধতিতে মাটির নীচ থেকে কয়লা আহরণ করতে চায়। তাদের সাথে আগেই সরকারের চুক্তি হয়ে গেছে। যা হবে ওই চুক্তির আলোকেই হবে।

বুধবার জাতীয় কয়লা নীতি প্রণয়ন বিষয়ক এক কর্মশালায় তিনি বলেন, আগামী এক মাসের মধ্যে  খসড়া নীতি চূড়ান্ত করে তা অনুমোদনের জন্যে মন্ত্রিসভায় পাঠানো হবে।

মাহমুদুর রহমান বলেন, বর্তমানে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন করা যাবে কি যাবে না, সে বিষয়ে প্রশ্ন দেখা দিয়েছে। আমরা আশা করছি, এই নীতিমালার আলোকে সিদ্ধান্ত নেয়া সহজতর হবে।

তিনি বলেন, আমাদের কয়লার প্রচুর মজুদ রয়েছে। সঠিক পদ্ধতিতে এই কয়লা উত্তোলন করে দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগাতে হবে।

খসড়া নীতিমালা বিষয়ে কর্মশালায় জানানো হয়, আগামী ১০ বছরে প্রতি বছর ২০ মিলিয়ন টন কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই পরিমাণ কয়লায় দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। পরবর্তীতে কয়লা উত্তোলনের পরিমাণ আরও বাড়বে।

একই সাথে জানানো হয়েছে, দেশে এখন পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী কয়লার মজুদের পরিমাণ ৩ হাজার ৭২০ মিলিয়ন মেট্রিক টন।

রাজধানীর স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে কর্মশালার উদ্ধোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জ্বালানি সচিব এএমএম নাসিরউদ্দিন, আইআইএফসির নির্বাহী পরিচালক নজরুল ইসলাম এবং পেট্রোবাংলার চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুইয়া।

দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ড. মজিবুর রহমান খান। কমিশনের সদস্য মোশাররফ হোসেন এবং দেশী বিদেশী কয়লা বিশেষজ্ঞরা এতে বক্তব্য রাখেন।

বিদেশী বিশেষজ্ঞরা বলেন, বাধ্যতামূলকভাবে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন কয়লাখনি প্রকল্পের সাথে একটি প্রযুক্তিগত জটিলতা ও আথিক ঝুঁকি হিসেবে যুক্ত হবে। উত্তোলনকারী প্রতিষ্ঠানগুলো সবসময় খনির গেটেই কয়লা বিক্রি করতে চায়। বিদ্যুৎ কেন্দ্র স্থাপন বাধ্যতামূলক না করে বরং কয়লানীতি এমন হওয়া উচিত, যাতে সবচেয়ে ভাল প্রতিষ্ঠান কয়লা উত্তোলনের কাজে নিযুক্ত হতে পারে এবং ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসারস (আইপিপি) কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে উৎসাহিত হয়।

তারা বলেন, খসড়া কয়লানীতি খুবই জটিল। এতে অপ্রযোজনীয়ভাবে কিছু কিছু বিষয়ের পুনরাবৃত্তি করা হয়েছে, যা বর্তমানে প্রচলিত খনন এবং পরিবেশগত বিধিবদ্ধ আইনই পূরণ করে। এই নীতিটিতে এমন ধারণা দেওয়া হয়েছে যে, আরো কয়লা মজুদ পাওয়া এবং তা উত্তোলন খুব সহজ হবে।

তারা আরো বলেন, প্রস্তাবিত কয়লানীতি এই খাতকে একটি অতি-নিয়ন্ত্রিত শিল্পে পরিণত করবে, যা এই নীতিতে উল্লেখিত ২০২৬ সালের মধ্যে বার্ষিক উৎপাদন ৪০ মিলিয়ন টনে নিয়ে যেতে পর্যাপ্ত বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে ব্যর্থ হবে।