২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার সংসদে যেতে পারে আ.লীগ, সংস্কার প্রস্তাব আনবেন শেখ হাসিনা

প্রধান বিরোধী দল আওয়ামী লীগ আগামী ১২ ফেব্রুয়ারি রোববার সংসদ অধিবেশনে যোগ দিতে পারে। সংসদে যোগ দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন ব্যবস্থা সংস্কারে বিরোধী দলের প্রস্তাব উত্থাপন করবে আওয়ামী লীগ। তবে বিল আকারে নয়, বিরোধী দলীয় নেতা তার বক্তব্যে এই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে উত্থাপন করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2006, 05:06 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

অবশ্য বুধবার আওয়ামী লীগ প্রেসিডিয়াম, কার্যনির্বাহী সংসদ (ওয়ার্কিং কমিটি) ও সংসদীয় দলের চার ঘন্টাব্যাপী যৌথ সভা থেকেও এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে অনুষ্ঠিত সভা শেষে দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি জানান, সভায় সংসদে যাওয়ার সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে। তবে কবে যাবো তা দলীয় প্রধান শেখ হাসিনা নির্ধারণ করে জানাবেন। সভায় তার ওপরই এই দায়িত্ব দেওয়া হয়েছে। 

সভা সূত্র বিডিনিউজকে জানায়, সভায় আওয়ামী লীগের সংসদে যোগদান ও করণীয় এবং সংস্কার প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি আওয়ামী লীগ দলীয় সাংসদরা অধিবেশনে যেতে পারেন। শেখ হাসিনা দলের সকল এমপিকে ঢাকায় অবস্থান করার নির্দেশ দিয়েছেন। তবে এর আগে সংসদীয় দলের (এএলপিপি) সভা অনুষ্ঠিত হবে। যোগদানের দিনই এ সভা হবে বলে সূত্র জানায়। 

আওয়ামী লীগ সভানেত্রী ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ওয়ার্কিং কমিটির সদস্য ছাড়াও প্রায় ৪০ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।