চট্রগ্রামে ট্রিপল মার্ডারের রায়ে অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্টের মৃত্যুদণ্ড, ২ সহোদরের যাবজ্জীবন
চট্রগ্রামের বিভাগীয় দ্রুত বিচার আদালত মঙ্গলবার আলোচিত ট্রিপল মার্ডারের রায়ে অবসরপ্রাপ্ত এক সেনা সার্জেন্টকে মৃত্যুদণ্ড ও দু’সহোদরকে যাব্বজীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।
দ্রুত বিচার আদালতের বিচারক মোস্তাক আহমেদ অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট আব্দুল করিমকে তার পুত্র ও কন্যা হত্যার দায়ে ফাঁসির আদেশ দেন। তার দুই ভাই আবু বকর ও আব্দুল শুকুরকে তাদের ভায়ের স্ত্রীকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। এছাড়া বিজ্ঞ আদালত দুই ভাইয়ের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
মামলার বিবরণে জানা যায়, কুমিল্লার চৌদ্দগ্রামের রাজবল্লভপুর গ্রামের আব্দুল করিম খুলনা সেনানিবাসে কর্মরত অবস্থায় সামিমা ইয়াসমিন শাহানাকে পরিবারের অমতে বিয়ে করেন।
এই বিয়ে এবং পারিবারিক সম্পত্তির বন্টনকে কেন্দ্র করে তিন ভাই তীব্র দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। দ্বন্দ্বের জের ধরে ২০০২ সালের ২০ নভেম্বর আবু বকর ও মেরিন ইঞ্জিনিয়ার আব্দুল শুকুর আব্দুল করিমের স্ত্রীকে মাথায় আঘাত করে হত্যা করে।
ঘটনার পরপরই আব্দুল করিম ক্ষুব্ধ হয়ে তার কন্যা নাসরিন সুলতানা এবং পুত্র শাহরিয়ার সাকিবকে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তাদের মুত্যু হয়।
চৌদ্দগ্রাম থানা পুলিশ ২০০৫ সালের ৯ জুন তিন ভাইকে অভিযুক্ত করে মামলার চার্জশিট দিলে মামলাটি চট্রগ্রাম দ্রুত বিচার আদালতে স্থানান্তর করা হয়।
আদালত ১১ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে তাদেরকে দোষী সাব্যস্ত করে মামলার এই রায় প্রদান করেন।
মামলায় রাষ্ট্রপক্ষে পিপি কামরুল ইসলাম এবং বিবাদী পক্ষে অ্যাডভোকেট মুজিবর রহমান শুনানিতে অংশ নেন।
সাজাপ্রাপ্ত আসামীদের মধ্যে আব্দুল করিম ও আবু বকর কারাগারে এবং আব্দুল শুকুর ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
