রাজধানীতে ম্যানহোল পরিস্কার করতে গিয়ে ২ দিন মজুরের মৃত্যু, ১জন অসুস্থ
রাজধানীর হাজারীবাগ এলাকায় মঙ্গলবার সকালে ম্যানহোল পরিস্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই জন দিন মজুরের প্রানহানি ঘটেছে এবং অপর একজন অসুস্থ হয়ে পড়েছে।
মৃত কেরামত আলী (৩৮) ও সানোয়ার শিকদারের (২৮) বাড়ি বরিশাল জেলার গৌরনদী উপজেলার বাশুদেবপুর গ্রামে। গুরুতর অসুস্থ অপর শ্রমিককে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পরিচয় জানা যায়নি।
এলাকাবাসী, পুলিশ এবং ফায়ার ব্রিগেড সূত্র জানায়, বেলা সাড়ে ১১টার দিকে রায়বাজার টালি অফিসের কাছে ম্যানহোল পরিস্কারের সময় এই দুর্ঘটনাটি ঘটে। ম্যানহোলের ভেতরে ঢোকার কিছুক্ষণ পরেই বিষাক্ত গ্যাসে তিন শ্রমিক গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং ঘটনাস্থলেই দুই জন প্রাণ হারায়।
খবর পেয়েই ফায়ার ব্রিগেড দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ম্যানহোল থেকে আহত ও নিহতদের উদ্ধার করে।
নিহতদের লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
