২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে অস্ত্রসহ ৯ জেএমবি সদস্য গ্রেফতার: র‌্যাবের আনুষ্ঠানিক ঘোষণা

নীলফামারীর সৈয়দপুর রেলস্টেশন এবং কাজীপাড়ায় র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জামসহ নয় জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2006, 03:37 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

র‌্যাবের পক্ষ থেকে মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানানো হয়। তবে বিডিনিউজ ঢাকা থেকে রোববার ওই খবর প্রকাশ করে।

র‌্যাব জানিয়েছে, সন্দেহজনক ঘোরা ফেরার সময় র‌্যাব-১০ এর মেজর এরশাদের নেতৃত্বে একদল র‌্যাব সদস্য প্রথমে সৈয়দপুর রেল স্টেশন থেকে তিনজন জেএমবির সদস্যকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হচ্ছে, জেএমবির রংপুর ও নীলফামারীর জেলা কমান্ডার মাহফুজার রহমান ইব্রাহিম (রংপুরের গঙ্গাচড়া থানার সিট কুতুবপাড়া গ্রামের জাফর আলীর ছেলে), দিনাজপুর জেলা কমান্ডার ফারুক হোসেন আমজাদ (নীলফামারীর ডিমলা থানার উত্তর তিতপাড়া বড় জুম্মা গ্রামের ওয়ালিয়ার রহমানের ছেলে) এবং আত্মঘাতি গ্রুপ এহসার’র সদস্য রবিউল ইসলাম ওরফে কামাল হোসেনকে (নীলফামারীর ডিমলা থানার উত্তর তিতপাড়ার রহিম উদ্দীনের ছেলে) গ্রেফতার করে।

পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী, র‌্যাব সদস্যরা নীলফামারীর জেলা কমান্ডার ওয়াহিদুল ইসলাম সায়েম (ঠাকুরগাঁও জেলার রানী শংকৈল থানার ধর্মগড় গ্রামের আফজাল হোসেনের ছেলে), রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম ও লালমনিরহাটের বিভাগীয় কমান্ডার আব্দুর রশিদ আসিফ (বগুড়া জেলার গাবতলী থানার চকসাদু গ্রামের লুৎফর রহমানের ছেলে), রংপুর জেলা কমান্ডার মনিরুজ্জামান ওরফে ইকবাল (ঠাকুরগাঁ’র বালিয়াডাঙ্গী থানার কাশোয়া গ্রামের জবদুল হোসেনের ছেলে), কুড়িগ্রাম জেলা কমান্ডার আবু বক্কর সিদ্দিক নাহিদ (দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার প্রাণনগর গ্রামের আজহার আলীর ছেলে) এবং এহসার সদস্য এহসানুল হক মেজবাহ (দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার ছোট সুলতানপুর গ্রামের  আব্দুল জব্বারের ছেলে) এবং শাহাবুদ্দীন ওরফে আহমেদ মুসা (লালমনিরহাট সদর থানার কালমাটি গ্রামের মৃত নজ্জত উল্লাহর ছেলে)।

র‌্যাব সূত্র জানায়, উল্লেখিত জঙ্গিদের সৈয়দপুর শহরের কাজী পাড়া এলাকার গণী মৃধার বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।  সে সময় তারা গোপন বৈঠকে বসেছিল।

গ্রেফতারকৃতদের কাছ থেকে দুটি পাইপগান, ৮৪টি ডেটোনেটর, চারটি পাওয়ার জেল, পাঁচটি ইন্সুলেশন টেপ, বিপুল পরিমান সাকির্ট,  ২০ গজ তার, ৪ রাউন্ড কার্তুজ, হলুদ রাসায়নিক বস্তু চার কেজি, তিন ডজন পেনসিল ব্যাটারি, দু ডজন টর্চের বাল্ব, চারটি জেহাদি বই, তিনটি মোবাইল ফোন, একটি জনসন মোটর সাইকেল, দাহ্য পদার্থ ১০ কেজি এবং নগদ ৪৭ হাজার টাকা উদ্ধার করা হয় ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত জঙ্গিরা র‌্যাবকে জানিয়েছে, গত ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার সময় সায়েম নীলফামারীতে, ইকবাল লালমনিরহাটে, নাহিদ কুড়িগ্রামে ও  শাহাবুদ্দীন রংপুর শহরে বোমা বিস্ফোরণ ঘটাঁয়।