রাবি শিক্ষক ড. তাহের হত্যকাণ্ডের সম্ভাব্য ৪ কারণ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিজবিদ্যা বিভাগের শিক্ষক ড. এস তাহের আহমেদ হত্যাকাণ্ডের নেপথ্যে চারটি কারণ থাকতে পারে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।
পুলিশ ধারণা করছে, অর্থ সংক্রান্ত কারণে হত্যাকারীরা ড. তাহেরকে হত্যা করে থাকতে পারে। তবে তদন্তের সাথে জড়িত একাধিক কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু সূত্র এ হত্যাকাণ্ডের নেপথ্যে বড় কোনও শক্তির হাত থাকতে পারে বলে মন্তব্য করেছেন।
বিশ্ববিদ্যালয়ের বেশ ক’জন শিক্ষক জানান, ড. এস তাহের একজন ভাল শিক্ষক ছিলেন। তিনি ছিলেন সকল অন্যায়ের বিপক্ষে প্রতিবাদী ব্যক্তি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ভূ-তত্ত্ব ও খনিজবিদ্যা বিভাগের শিক্ষক মিয়া মো. মহিউদ্দিনের পদোন্নতির বিষয়ে বৃহস্পতিবার বিভাগীয় পরিকল্পনা কমিটির সভায় অংশ নিতে ড. তাহের বুধবার ঢাকা থেকে রাজশাহী আসেন এবং নিখোঁজ হন।
সূত্রটি দাবি করে, নিয়ম অনুযায়ী ড. মিয়া মহিউদ্দিনের অধ্যাপক হতে আরও এক বছর বাকি ছিল। কিন্তু বিএনপি-জামায়াতপন্থী শিক্ষক হওয়ার কারণে দলীয় প্রভাবে তিনি অধ্যাপক হওয়ার বিষয়টি অনুমোদন করিয়ে নেন। তার অধ্যাপক হওয়ার ব্যাপারে ড. তাহেরের আপত্তি ছিল। ড. তাহের যাতে সভায় না থাকতে পারেন, সে কারণেও এ হত্যাকাণ্ড হতে পারে বলে সূত্র মন্তব্য করে।
তবে এ ব্যাপারে মিয়া মহিউদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ড. তাহেরের সাথে আমার কোনও বিরোধ ছিল না। তিনি আমার পিতার মতো। তার অধীনে আমি থিসিসও করেছি।
অন্য একটি সূত্র জানায়, রাবি’র একটি ছাত্র সংগঠনের প্রভাবশালী এক নেতা এবার ভূ-তত্ত্ব ও খনিজবিদ্যা বিভাগ থেকে স্নাতকোত্তর পরীক্ষা দিয়ে প্রথম শ্রেণী নেয়ার জন্যে জোর তদবির শুরু করে। কিন্তু ড. তাহের তা সমর্থন করেননি। এ কারণে তিনি ওই ছাত্র সংগঠে নর রোষানলেও পড়তে পারেন বলে সূত্র মন্তব্য করে।
ভিন্ন সূত্র জানায়, জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী হলেও ড. তাহের জামায়তবিরোধী হিসেবে পরিচিত ছিলেন। একারণে বিএনপির জামায়াতঘেঁষা নীতির করণে তিনি রাজনীতি থেকে দূরে সরে আসেন। অপরদিকে নিরাপত্তারক্ষী গ্রেপ্তারকৃত জাহাঙ্গীরের পরিবারের সদস্যরা কট্টর জামায়াতসমর্থক। এমনকি স্থানীয় জামায়াত নেতারা জাহাঙ্গীরের পরিবারকে আর্থিক সহায়তা করে থাকে। ফলে এ হত্যকাণ্ডে কোনও রাজনৈতিক বিষয় জড়িত থাকতে পারে বলে অনেকে ধারণা করছেন।
অপরদিকে, ড. তাহেরের রাবির বাসভবন থেকে উদ্ধার করা ব্যাংক একাউন্টের চেক বইয়ের তিনটি পাতা ছেঁড়া পাওয়া গেছে এবং তার ব্যবহৃত ট্রাভেল ব্যাগটি পাওয়া যায়নি। অর্থের লোভে নিরাপত্তারক্ষী জাহাঙ্গীর তার ঘনিষ্ঠজনদের নিয়ে এ হত্যাকাণ্ড ঘটাতে পারে বলেও সূত্র মন্তব্য করে।
গ্রেপ্তারকৃত নিরাপত্তারক্ষী জাহাঙ্গীর এবং ওয়েল্ডিং মিস্ত্রি নাজমুল পুলিশের জিজ্ঞাসাবাদে এ ধরনের তথ্য দিয়েছে বলে পুলিশ জানায়।
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে সোমবারও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছিল বিক্ষোভ ও মিছিলে উত্তাল। প্রগতিশীল ছাত্রজোট ও বিভাগীয় ছাত্রদের ডাকা ধর্মঘটে গোটা ক্যাম্পাস অচল হয়ে পড়ে।
