চট্টগ্রামের ফেরি দুর্ঘটনায় ২টি তদন্ত কমিটি গঠিত
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে রোববার ফেরি ডুবিতে এক মহিলা নিহত এবং অপর ১২জন নিখোঁজ হওয়ার ঘটনায় সড়ক ও জনপথ কর্তৃপক্ষ এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পৃথক দু’টি তদন্ত কমিটি গঠন করেছে।
সড়ক ও জনপথ বিভাগ দোহাজারী জোনের নির্বাহী প্রকৌশলী আবুল কাশেম ভূঁইয়াকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করে। আগামী সাতদিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন পেশ করতে বলা হয়েছে।
এদিকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষও ডক মাস্টার ক্যাপ্টেন ফরিদুল আলমকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। এতে সড়ক ও জনপথ বিভাগেরও এক কর্মকর্তাকে অন্তর্ভূক্ত করা হয়। আগামী তিনদিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। গঠিত এ কমিটি ইতোমধ্যেই তাদের কাজ শুরু করে দিয়েছে।
এদিকে সন্ধ্যা ৭টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধারকারী দল নিহত একমাত্র মহিলার লাশ ছাড়া আর কাউকে জীবিত বা মৃত উদ্ধার করতে পারেনি।
ফিরিঙ্গিবাজার থেকে পাথরঘাটায় যাওয়ার পথে রোববার ভোর সাড়ে ৪টার দিকে ফেরিটি
ডুবে যায়। দুর্ঘটনার সময় ফেরিতে থাকা ৩৫ জনের মধ্যে ২৬ জন সাঁতরে তীরে উঠতে
সক্ষম হলেও বাকি আটজন এখনও নিখোঁজ রয়েছেন।
