শিশুদের ডায়রিয়া ও অপুষ্টি বিষয়ে রোববার থেকে ঢাকায় ৪দিনব্যাপী আন্তর্জাতিক মহাসম্মেলন
শিশুদের পেটের অসুখ এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অপুষ্টি দমনে নতুন কৌশল উদ্ভাবনের লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞ ও বিজ্ঞানীদের অংশগ্রহণে রোববার ঢাকায় শুরু হচ্ছে চারদিনব্যাপী ‘কমনওয়েলথ কংগ্রেস অন ডায়রিয়া অ্যান্ড ম্যালনিউট্রিশন’ শীর্ষক আন্তর্জাতিক মহাসম্মেলন।
মহাসম্মেলনের আয়োজক আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) কর্তৃপক্ষ শনিবার তাদের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে একথা জানান।
আইসিডিডিআর,বি এই প্রথমবারের মতো এধরনের মহাসম্মেলনের আয়োজন করতে যাচ্ছে। এটি কমনওয়েল্থ কংগ্রেস অব দ্য অ্যাসোসিয়েশন অব পেডিয়াট্রিক গ্যাস্ট্রোঅ্যান্টারোলজি অ্যান্ড নিউট্রিশন (ক্যাপগান)-এর অষ্টম মহাসম্মেলন। এবারকার মহাম্মেলনের বিষয়বস্তু ‘শিশুদের পেটের অসুখ ও এর সঙ্গে সংশ্লিষ্ট অপুষ্টিজনিত সমস্যা: আমরা কতটুকু কী করতে পেরেছি।’
মহাসম্মেলনের বর্তমান সভাপতি চাইনিজ ইউনিভার্সিটি অব হংকং’র শিশু বিভাগের অধ্যাপক ড. টনি নেলসন বলেন, অপুষ্টি এবং এ সংশ্লিষ্ট ডায়রিয়া, কলেরা ও অন্ত্রের অসুখের মতো রোগব্যাধি নিরাময়ে বিশ্বের বিভিন্ন দেশে যেসব প্রচলিত পদ্ধতি রয়েছে, সেগুলো নিয়ে পারস্পরিক মতবিনিময় এবং নতুন পদ্ধতি উদ্ভাবন বিষয়ে আলোচনা করা হবে। ভবিষ্যতে কী করা যেতে পারে, সে ব্যাপারে আমরা সুনির্দিষ্ট সুপারিশমালা পেশ করব।
আইসিডিডিআর,বি’র নির্বাহী পরিচালক ড. ডেভিড স্যাক বলেন, আমরা আশা করছি, এ মহাসম্মেলনে ১০০ বিদেশী প্রতিনিধিসহ মোট ৫০০ বিশেষজ্ঞ অংশ নেবেন। মহাসম্মেলনকালে ২৭টি বৈজ্ঞানিক অধিবেশন ও ছয়টি পরিকল্পনা অধিবেশনে নয়টি অতিথি বক্তব্যের মাধ্যমে অংশগ্রহণকারী বিজ্ঞানীরা তাদের সর্বশেষ গবেষণালব্ধ তথ্য পরিবেশন করবেন।
৫ ফেব্রুয়ারি শুরু হয়ে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ মহাসম্মেলন। রোববার বিকেল পৌনে ৪টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশারফ হোসেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে এ মহাসম্মেলন উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে মূল নিবন্ধ পাঠ করবেন গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মুহম্মদ ইউনুস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ডিএফআইডি-র বাংলাদেশ প্রতিনিধি মি. ডেভিড উড এবং ঢাকা মেডিকেল কলেজের ইউরোলজী বিভাগের প্রধান ডা. এজেডএম জাহিদ হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখবেন চাইনিজ ইউনিভার্সিটি অব হংকং-র শিশু বিভাগের অধ্যাপক ড. টনি নেলসন, আইসিডিডিআর,বি’র নির্বাহী পরিচালক ড. ডেভিড স্যাক এবং পুষ্টি গবেষণা কর্মসূচির প্রধান ড. তাহমিদ আহমেদ।
