২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসন ভাগাভাগি নিয়ে মহাজোট সমঝোতার কাছাকাছি

আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরিক দলগুলোর মধ্যে নির্বাচনের আসন ভাগাভাগি নিয়ে রোববার সকাল থেকে গভীর রাত পর্যন্ত দফায় দফায় বৈঠকে সমঝোতার প্রায় কাছাকাছি পৌঁছে গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2006, 02:06 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

জাতীয় পার্টি পাচ্ছে ৫০টির মতো আসন আর এলডিপি ৩০টির বেশি।

আসন সমঝোতার জন্য জাতীয় পার্টির (এরশাদ) সঙ্গেই একদিনে বৈঠক হয়েছে চার দফা এবং আওয়ামী লীগের পরে তারাই সবচেয়ে বেশি আসনে ছাড় পাচ্ছে।

মহাজোটের অনান্য শরিকদের সঙ্গে আসন ভাগাভাগি বিষয়ে মোটামুটি একটি সমঝোতা হয়ে গেছে আওয়ামী লীগের।

জোটের অন্যতম শরিক এলডিপির সঙ্গেও কয়েক দফা বৈঠক হয়। সর্বশেষ রাত বারোটার দিকে সুধা সদন থেকে বের হওয়ার সময় দলের প্রেসিডিয়াম সদস্য মাহী বি. চৌধুরী সাংবাদিকদের বলেন, “আওয়ামী লীগের সঙ্গে আমাদের আসন বন্টন নিয়ে সমঝোতা হয়ে গেছে। আমরা যে সংখ্যক আসন চেয়েছিলাম তা পেয়ে গেছি।”

এ জন্য তিনি আওয়ামী লীগকে ধন্যবাদ জানিয়ে বলেন, “কথা হলো নির্বাচনে বিএনপি ও জামায়াতকে হারাতে হবে। তাই যারা জিততে পারবেন সেই সব প্রার্থীর মনোনয়নের ওপরই আমরা জোর দিয়েছি।”

একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে এলডিপি ৩০ টিরও বেশি আসন পেয়েছে।

ওয়াকার্স পার্টি, জাসদ, গণফোরাম, জাকের পার্টিসহ অনান্য দলের সঙ্গেও আসন ভাগাভাগি চূড়ান্ত।

সকালে সুধা সদন ও দুপুরে গুলশানে আবদুল জলিলের বাসায় দু’দফা বৈঠকের পর রাত সাড়ে আটটায় জাতীয় পার্টি আবারো গুলশানে আওয়ামী লীগের সঙ্গে বৈঠকে বসে।

দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার ওই বৈঠকের এক ফাঁকে সাংবাদিকদের জানান, এরশাদ নির্বাচনে পাঁচটি আসনে লড়বেন। এগুলো হলো পঞ্চগড়-৩, লালমনিরহাট-৩, ঢাকা-৫, সিলেট-৩ ও হবিগঞ্জ-৩।

রওশন এরশাদ মনোনয়ন পাচ্ছেন লালমনিরহাট-৫ ও ময়মনসিংহের সদর আসনে।

এছাড়া জাপা নেতা আবু হোসেন বাবলা ঢাকা-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

একটি সুত্র জানায় ইসলামি ঐক্যজোট নেতা মুফতি ইজহারুল ইসলাম গাম-১৫ আসনে মনোনয়ন পেয়েছেন।

ঢাকা-৯ আসনে শীর্ষ আইনজীবী ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদের মনোনয়ন নিশ্চিত হয়েছে।

আসন বন্টন নিয়ে গুলশানের আলোচনা স্থগিত করে জলিল রাত ১১ টা ২০ মিনিটে জাতীয় পার্টির নেতাদের নিয়ে সুধা সদনে চলে আসেন।

পৌনে ১২ টার দিকে সেখানে পৌঁছানোর পর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার উপস্থিতিতে জাতীয় পার্টির নেতাদের সঙ্গে আবারো বৈঠক শুরু হয়। রাত ১টা ৪০ মিনিটে ওই বৈঠক শেষ হওয়ার পরে জলিল সাংবাদিকদের বলেন, “অপেক্ষা করুন, কোনো কিছুই এখনও চূড়ান্ত হয়নি।”

জাতীয় পার্টির জিয়াউদ্দিন বাবলু বলেন, “এখন কোনো মন্তব্য করা যাবে না।”

রুহুল আমিন হাওলাদার বলেন, “আলোচনা ফলপ্রসু হয়েছে। আমরা মহাজোটে যুক্ত হয়েছি। আমরা এক সঙ্গেই নির্বাচন করবো।”

২৬ ডিসেম্বর মহাজোট মনোনয়ন জমা দেবে কিনা এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এ বিষয়ে কেন্দ্রীয়ভাবে ঘোষণা দেওয়া হবে।”

তিনি সাংবাদিকদের সঙ্গে আরও কিছু কথা বলতে চাইলে জিয়াউদ্দিন তাকে টান দিয়ে গাড়িতে উঠিয়ে নিয়ে যান।

আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত সাংবাদিকদের বলেন, “আলোচনা চলছে, চলতে থাকবে। আমরা কোথাও আটকে নেই।”

জাতীয় পার্টিকে কতগুলো আসন দেয়ার সিদ্ধান্ত হলো জানতে চাইলে তিনি বলেন, “গোটা পঞ্চাশেক আসনে তাদের ছাড় দেওয়া হয়েছে।”

বৈঠকে শেখ হাসিনার সঙ্গে ছিলেন আবদুল জলিল, তোফায়েল আহমেদ, আব্দুর রাজ্জাক, সুরঞ্জিত সেনগুপ্ত ও আমির হোসেন আমু।

জাতীয় পার্টির পক্ষে ছিলেন রুহুল আমিন হাওলাদার, আনিসুল ইসলাম মাহমুদ ও জিয়াউদ্দিন বাবলু।