বান্দরবানে উচ্ছেদের প্রতিবাদে আন্দোলনের হুমকি
পার্বত্য জেলা বান্দরবানে সেনাবাহিনীর সদস্যরা পাহাড়িদের উচ্ছেদ করার ঘটনায় জনসংহতি সমিতি আবারও সশস্ত্র সংগ্রাম গড়ে তোলার হুমকি দিয়েছে।
সমিতির নেতারা বলেন, শান্তিচুক্তির পর জুম্ম (পাহাড়ি) জনগণ অস্ত্র জমা দিলেও ট্রেনিং ভুলে যায়নি। তারা নিজের অধিকার রক্ষা এবং বসত বাড়ি রক্ষায় প্রয়োজনে আবারও অস্ত্র হাতে তুলে নেবে, সংগ্রামে ঝাঁপিয়ে পড়বে।
রোববার বান্দরবান প্রেসক্লাব চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে জনসংহতি সমিতির নেতারা এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সেনাবাহিনী কর্তৃক জেলার সুয়ালক ও টংকাবতি ইউনিয়নের স্থায়ী ৬৭৩ টি পরিবারকে তাদের ভূমি থেকে উচ্ছেদ করার প্রতিবাদে সমিতি বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
১৯৯৭ সালের ২ ডিসেম্বর শান্তিচুক্তি স্বাক্ষরের পর সাবেক গেরিলা গ্রুপ শান্তিবাহিনীর বিলুপ্তি ঘটে। এর মূল দল জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সস্তু) লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি দুই দশক পর ফিরে আসে প্রকাশ্য রাজনীতিতে।
ম্রো কমিউনিটির সভাপতি ও সুয়ালক ইউপি চেয়ারম্যান রাংলাই ম্রো এর সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং, বম অ্যাসোসিয়েশনের সভাপতি জুমলিয়ান আমলাই, সমিতির জেলা শাখার সহ সভাপতি চিংহ্লা মং চাক, থানচির ইউপি চেয়ারম্যান খামলাই ম্রো প্রমুখ।
এতে বক্তারা বলেন, ১৯৯১ সালে উক্ত এলাকায় সেনাবাহিনী ভূমি অধিগ্রহণ করলেও তা তারা স্থানীয় জনগণকে জানায়নি। এ ছাড়া সেনা সদস্যদের পক্ষ থেকে উচ্ছেদের আগাম নোটিশও দেওয়া হয়নি।
এর আগে দুপুরে জনসংহতি সমিতির জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত তত্ত্বাবধায়ক সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে প্রদান করেন।
এদিকে খাগড়াছড়ি প্রতিনিধি জানিয়েছেন, বান্দরবান পার্বত্য জেলার টংকাবতি ও সুয়ালক ইউনিয়নের স্থায়ী অধিবাসীদের তাদের স্বভূমি থেকে উচ্ছেদের প্রতিবাদ এবং উচ্ছেদ প্রক্রিয়া অবিলম্বে বন্ধের দাবিতে রোববার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে খাগড়াছড়ি জেলা প্রশাসকের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
জনসংহতি সমিতি খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি রসময় চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সমিতির কেন্দ্রীয় জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশে নেতারা বলেন, স্থায়ী অধিবাসীদের উচ্ছেদের নির্দেশ অত্যন্ত অমানবিক। কখনও হাইড্রো-ইলেক্ট্রিক প্রজেক্ট, কখনও বনায়ন এবং সম্প্রতি সেনা গ্যারিসন সম্প্রসারণের নাম দিয়ে ভূমি দখল অব্যাহত রয়েছে। পার্বত্য চট্টগ্রামের নৃ- তাত্ত্বিক জনগোষ্ঠির অস্তিত্ব সংরক্ষণ এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় জাতি গোষ্ঠীসহ পার্বত্য এলাকার স্থায়ী বাসিন্দাদের স্ব-ভূমি থেকে উচ্ছেদের প্রক্রিয়া বন্ধে সরকারের কাছে দাবি জানানো হয় সমাবেশে।
