চামড়া পাচার রোধে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা বাড়াবে সরকার
কোরবানীর পশুর চামড়া পাচার রোধে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা বাড়াবে সরকার।
রোববার সকালে স্বরাষ্ট্র সচিব মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত কোরবানীর পশুর চামড়ার অবৈধ পাচার রোধসহ পশু পরিবহন ও পশু হাটের সার্বিক নিরাপত্তা সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠক শেষে স্বরাষ্ট্র সচিব মোঃ আব্দুল করিম এসব সিদ্ধান্তের কথা জানিয়ে আরও বলেন, “কোরবানীর সব পশুর হাটে সাদা পোশাকের পুলিশ মোতায়েন থাকবে। হাটে অস্থায়ী পুলিশ ক্যাম্প বসানো হবে। পাশাপাশি সেনা টহলও থাকবে।”
রাস্তায় যত্রতত্র যাতে কোরবানীর পশু বিক্রি না হয় সেদিকেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নজর রাখবে বলে জানান স্বরাষ্ট্র সচিব।
এবার চামড়া পাচার রোধ করা সম্ভব জানিয়ে স্বরাষ্ট্র সচিব মোঃ আব্দুল করিম বলেন, তত্ত্বাবধায়ক সরকার রাজনৈতিক প্রভাব মুক্ত।
চামড়া যাতে সীমান্তে পাচার হয়ে না যায় এবং চামড়াবাহী যানবাহনগুলো যাতে ট্যানারী অভিমুখী হয় সেজন্য আইন শৃংঙ্খলা রক্ষাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে সভায়। এছাড়াও রাজধানী ঢাকার চামড়া যাতে বাইরে যেতে না পারে এবং ঢাকার বাইরের চামড়াগুলো সীমান্তমুখী না হয়ে ঢাকামুখী হয়ে সেদিকে কঠোরভাবে লক্ষ্য রাখতে বলা হয়েছে।
এক্ষেত্রে সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায়।
সভায় বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার প্রতিনিধিসহ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
