প্রধান উপষ্টোর পদত্যাগ ছাড়া সঙ্কট সমাধান হবে না: বি. চৌধুরী
এলডিপি নেতৃবৃন্দ রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের প্রতি তত্ত্বাবধায়ক সরকার প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর আহবান জানিয়েছেন।
এলডিপির বারিধারা কার্যালয়ে বুধবার সকালে তিন সদস্যের ইইউ পর্যবেক্ষক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তারা এই আহবান জানান বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
সকাল ১০ টা থেকে বেলা সোয়া ১১ টা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকে এলডিপি প্রেসিডেন্ট একিউএম বদরুদ্দোজা চৌধুরী প্রতিনিধি দলকে বলেন, ইয়াজউদ্দিন আহম্মেদের পক্ষপাতমূলক আচরণের কারণে ৫৫ দিন নষ্ট হয়েছে। তিনি আরও বলেন, প্রধান উপষ্টোর পদত্যাগ ছাড়া সঙ্কট সমাধানের কোনো উপায় নেই।
বৈঠক শেষে এলডিপি সহসভাপতি ফিরোজ এম হাসান সাংবাদিকদের বলেন, এলডিপি নেতৃবৃন্দ দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি ইইউ প্রতিনিধিদলকে অবহিত করেছেন।
ইইউ প্রতিনিধি দলের নেতা আলেকজান্ডার ল্যম্বসডর্ফ সাংবাদিকদের বলেন, এলডিপি নেতৃবৃন্দের বক্তব্য তারা শুনেছেন। তারা চান বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হোক, যাতে সব রাজনৈতিক দল অংশ নিতে পারে। গণতান্ত্রিক ধারাও অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
বৈঠকে এলডিপি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মহাসচিব আবদুল মান্নান, যুগ্ম মহাসচিব আনোয়ারুল কবীর তালুকদার, ব্যারিস্টার জিয়াউর রহমান খান, সহসভাপতি ফিরোজ এম হাসান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আরশাদ-উজ জামান, হারুন-অর-রশিদ, আদনান আনোয়ার প্রমুখ।
এছাড়া পর্যবেক্ষক প্রতিনিধি দলের অপর দুই সমস্য হলেন গ্রাহাম এলসন এবং জেনি ক্রিসটেনসেন।
