প্রার্থীদের আয় ও সম্পদের হিসাব দেওয়া স্থগিত করতে প্রতারণা করা হয়েছে
জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের আয় ও সম্পদের হিসাবসহ আট ধরনের তথ্য নির্বাচন কমিশনে জমা দেওয়ার জন্য হাইকোর্টের নির্দেশ স্থগিত করতে আদালতের সঙ্গে প্রতারণা করা হয়েছে।
বুধবার সকালে সুুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির উত্তর হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইনজীবীরা বলেছেন, আদালতকে প্রতারিত করে হাইকোর্টের ঐতিহাসিক রায়ের ওপর স্থগিতাদেশ নেয়া হয়েছে।
জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের ব্যক্তিগত তথ্য প্রদানের পক্ষের এসব আইনজীবীরা বলেন, অবকাশ শেষ হলে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করা হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান রিটকারী আবদুল মোমেন চৌধুরী। এসময় রিটকারী আইনজীবী কেএম জাবির, মো. জহিরুল ইসলাম ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) বদিউল আলম মজুমদার প্রমুখ বক্তব্য রাখেন।
লিখিত বক্তব্যে বলা হয়, এই আট দফা নির্দেশনার আলোকে বেশ কয়েকটি উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আবু ছাফা এ মামলার কোন পক্ষ না হয়েও লিভ-টু-আপিল দায়ের করেছেন। এছাড়া তিন মাসের জন্য রায়ের ওপর স্থগিতাদেশও নিয়েছেন।
মোমেন আরও বলেন, আমাদের না জানিয়ে এমনকি এডভোকেট অন রেকর্ডকে না জানিয়ে এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে। উদ্দেশ্য প্রণোদিতভাবে সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ ও সাবেক মন্ত্রী শাহজাহান সিরাজের জামাতা ব্যারিস্টার ওমর সাদাত জনস্বার্থের পরিপন্থী এই স্থগিতাদেশ নিয়েছেন। এর ফলে সংসদকে অকার্যকর করে জাতিকে ক্ষতিগ্রস্ত করা হবে।
তিনি আট দফার পক্ষে স্বোচ্চার হওয়ার জন্য দলমত নির্বিশেষে সকলের প্রতি আহ্বান জানান।
লিখিত বক্তব্য পাঠ শেষে মোমেন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত-পাকিস্তানে যোগ্য প্রার্থী নির্বাচনের জন্য উচ্চ আদালতের এ ধরনের নির্দেশনা রয়েছে।
এছাড়া অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ রায়ের বিরুদ্ধে কথা বলা আদালত অবমাননা নয়। বরং যারা প্রতারণা করে সুপ্রিমকোর্টের চেম্বার জজের আদালত থেকে আদেশ নিয়েছেন তারাই প্রতারণাকারী। তবে তিনি বিচারপতি জয়নাল আবেদীনকে এই প্রতারণার পক্ষ বলতে রাজি হননি।
কেএম জাবির বলেন, সুপ্রিমকোর্টের দায়িত্ব হচ্ছে সংবিধান রক্ষা করা। কিন্তু এই আদেশ দিয়ে সংবিধান ভঙ্গ করা হয়েছে। জনকল্যাণের জন্য এই আট দফা নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু নির্দেশনা স্থগিত করে কালো টাকা ও সন্ত্রাসীদের কাছে সংসদকে জিম্মি করা হয়েছে।
সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, হাইকোর্টের আট দফা নির্দেশনা বহাল থাকলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচিত হতে পারতো। কিন্তু আট দফা স্থগিত করে সেই সুযোগ নেওয়া হয়েছে।
