২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও ঐক্যবদ্ধ হোন: তারামন বিবি

যে স্বপ্ন নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন বীর প্রতীক তারামন বিবি, দেশ স্বাধীন হওয়ার ৩৫ বছর পরও তা পুরণ হয়নি। সেই স্বপ্ন-পুরণ ও গণতন্ত্র রক্ষার জন্য মুক্তিযোদ্ধাদের প্রতি আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2006, 04:36 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

বিজয় দিবসের প্রাক্কালে অকুতোভয় এই নারী মুক্তিযোদ্ধার আক্ষেপ, “অহনো পুরান শকুনরা দ্যাশটারে তাগো দখলে রাখনের লাইগা কূটচাল দিতাছে।”

কুড়িগ্রামের সাংবাদিকদের সঙ্গে শুক্রবার মতবিনিময়কালে তিনি বলেন,“স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানী হানাদারদের যারা সাহায্য করছিল তারাই অহন দেশটারে ধ্বংস করার ষড়যন্ত্রে মাইতা উঠছে। মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের সম্মান না দেয়ার কারণেই দেশের আজ এমন হাল।”

রাজিবপুর উপজেলার কোদালকাঠী ইউনিয়নের শংকর মাধবপুর গ্রামের অতি দরিদ্র পরিবারের সন্তান তারামন বিবি মুক্তিযুদ্ধের সময় অস্ত্র হাতে পাকিস্তানী সেনাদের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে অংশ নেন। শুধু তাই নয়, পাগল সেজে মুক্তিযোদ্ধাদের গোয়েন্দা হিসাবেও কাজ করেছিলেন তিনি।

বীরত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর প্রতীক খেতাব দিলেও দুই দশকেরও বেশি সময় সে খবর তার অজানা ছিল। ১৯৯৫ সালে ময়মনসিংহের আনন্দমোহন কলেজের বাংলা বিভাগের অধ্যাপক বিমল কান্তি দে রাজিবপুর কলেজের অধ্যাপক আব্দুস সবুর ফারুকীর সহায়তায় খুঁজে পান এই বীর মুক্তিযোদ্ধাকে।

তারামন বিবির বয়স এখন ৫১। স্বামী ও দুই ছেলে মেয়েকে নিয়ে থাকছেন রাজীবপুরের কাচারী পাড়ায়। বিভিন্ন রোগে আক্রান্ত তারামন বিবির দিন কাটছে সরকারি ও বেসরকারি কয়েকটি সংগঠনের সাহায্যে। কুড়িগ্রামের উপকণ্ঠে সরকারিভাবে তাকে ৫ শতাংশ জমি বরাদ্দ দেয়া হলেও তার দলিল বা দখল কোনোটাই তিনি পাননি ।