২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে ৯ বাড়িতে ডাকাতি, আহত ৫

শহরের দুই এলাকার নয়টি বাড়িতে বৃহস্পতিবার মধ্যরাতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদের মারধরে আহত হয়েছে পাঁচজন।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2006, 04:12 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

রাত সাড়ে তিনটার পর দক্ষিণ কান্দাপাড়ায় জনৈক তারাপদ ভৌমিকের বাড়িতে ঢুকে ডাকাতরা নগদ অর্থ, চার ভরি স্বর্ণালংকার ও মালামাল লুট করে নিয়ে যায়। এসময় ডাকাতদের মারধর ও চাপাতির আঘাতে আহত হন গৃহকর্তা, তার বৃদ্ধা মা, ছোটভাই বলাই ভৌমিক (৪০)। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতদল দুই রাউন্ড গুলি ছুঁড়ে পালিয়ে যায়।

একই কায়দায় পশ্চিম কান্দাপাড়া এলাকার পর পর আটটি বাড়ি থেকে স্বর্ণালংকার ও অন্যান্য মালামালসহ নগদ অর্থ লুট করে নেয় ডাকাতরা। এসময় আশিষ কুমারা রায় ও গোপাল সাহা নামের দুই ব্যক্তি ডাকাতদের বাধা দিলে তাদেরকে বেদম মারধর করে ডাকাতরা।

নরসিংদী থানার এসআই জাকির হোসেন ডাকাতির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তারা ঘটনার আধ ঘণ্টা পর ঘটনাস্থলে যায়। এ ব্যাপারে মামলার প্রস্তুতির চলছে বলেও তিনি জানান।