২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অতিথি পাখির কলকাকলিতে মুখর জাবি ক্যাম্পাস

প্রতিবছরের মতো এবারও অতিথি পাখির কলকাকলিতে মুখর হয়ে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। প্রতিদিনই দেশি-বিদেশি অসংখ্য পর্যটক আসছেন পাখি দেখতে। ছুটির দিনগুলোতে উপচে পড়ছে দর্শণার্থীদের ভিড়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2006, 02:51 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

তবে অনেকেই অভিযোগ করছেন, গত কয়েক বছর ধরে পাখির সংখ্যা কমে আসছে। আগের অনেক পাখি এখন দেখাই যায় না। বিশেষজ্ঞদের মতে, পরিবেশ বিপর্যয়, নিরাপত্তাহীনতা আর পাখির আবাস ধ্বংসের ফলেই কমে যাচ্ছে অতিথি পাখির আগমন।

মূলত রাশিয়ার সাইবেরিয়া থেকেই আসে এসব বিভিন্ন প্রজাতির পাখি। সেপ্টেম্বরের দিকে যখন সেখানে জাঁকিয়ে শীত নামতে শুরু করে, তখন প্রচণ্ড ঠাণ্ডায় টিকতে না পেরে উষ্ণতার খোঁজে পাখিরা পাড়ি জমায় নাতিশীতোষ্ণ অঞ্চলে। বাংলাদেশে অতিথি পাখিদের আসা শুরু হয় মূলত নভেম্বর থেকে। এরপর শীত পার হয়ে মার্চে যখন গরম পড়তে শুরু করে, পাখিগুলোও তখন ফিরে যায় আপন নিবাসে।

বাংলাদেশের উপকূলীয় অঞ্চল হাতিয়া, চর কুকরি-মুকরি, গাইবান্ধা, সিরাজগঞ্জ, যমুনার চর, বৃহত্তর সিলেটের টাঙ্গুয়া ও হাকালুকি হাওর, চান্দবিল এবং চলনবিলসহ বিভিন্ন অঞ্চলে অতিথি পাখি দেখা যায় সবচেয়ে বেশি।

তবে পাখি এবং পাখিপ্রেমীদের জন্য ব্যতিক্রমী স্থান হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছোট বড় মিলিয়ে লেক রয়েছে ১০-১২ টি। প্রশাসনিক ভবন সংলগ্ন লেক দুটিতে অতিথি পাখির আগমন চোখে পড়ে সবচেয়ে বেশি। লাল শাপলা আর লেকের জলে অতিথি পাখির সাঁতার কাটা সৃষ্টি করে এক নয়নাভিরাম দৃশ্যের। দিনভর ডানা ঝাপটে বেড়ানো আর খাদ্যের অন্বেষণে নিজেদের মধ্যে খুনসুঁটি সবই মনোমুগ্ধকর। রোদে বসে ডানা মেলে শরীর শুকানোর দৃশ্য আরও আকর্ষণীয়।

প্রাণীবিজ্ঞান বিভাগের এক গবেষণায় দেখা যায়, ক্যাম্পাসে প্রতিবছর প্রায় ৫০ প্রজাতির ৬/৭ হাজার পাখি আসে। দেশী ও অতিথি পাখি মিলিয়ে ১শ’ ২৯ প্রজাতির পাখি দেখা যায় এখানে। এর মধ্যে সরালি, গার্গেনি, কোম্বডাক, ফেরোজিনিয়াস পচার্ড, লালমুড়ি, মুরগ্যাধি, বামুনিয়া হাঁস, নর্দান পিনটেল, কাস্তে চাড়া, জলপিপি, সোনা জিরিয়া, হুড়হুড়, জলকুক্কুট, পাতারি হাঁস, খয়রা, কাম প্রভৃতি উল্লে¬খযোগ্য।

প্রাণীবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক কামরুজ্জামান মনির বলেন, “পাখি পরিবেশের বন্ধু। জাবি ক্যাম্পাসে পাখির প্রতি সকলের মমত্ববোধ অকৃত্রিম। তবে পাখির আবাসস্থল গড়ে তোলার জন্য আরও সচেতন হতে হবে।”

বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষও ক্যাম্পাসকে ঘোষণা করেছে পাখির অভয়ারণ্য হিসেবে। প্রতিবছর প্রাণীবিজ্ঞান বিভাগও আয়োজন করে পাখি মেলা ও পাখি বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতার।

গত কয়েক বছর ধরে পাখিদের উপস্থিতি কমে যাওয়ার কারণ প্রসঙ্গে পাখি বিশেষজ্ঞ ড. ইনাম আল হক বলেন, পরিবেশ বিপর্যয়, জীববৈচিত্র্য ধ্বংস, কৃষিতে ক্ষতিকর রাসায়নিক সার ব্যবহার, খাদ্য সংকট ও পাখির আবাস উপযোগী পরিবেশ ধ্বংসের ফলে বাংলাদেশে কমে যাচ্ছে শীতকালীন অতিথি পাখির আগমন।

তিনি আরও বলেন, শিকারীদের হাতেও নির্বিচারে প্রাণ হারাচ্ছে হাজার হাজার পাখি। পাখি নিধন রোধে আইন থাকলেও তার প্রয়োগ নেই বলে তিনি অভিযোগ করেন।

তাছাড়া সংস্কারের অভাবে নষ্ট হয়ে যেতে বসেছে পাখির আশ্রয়স্থল লেকগুলো। এক সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবন ও আল বেরুনী হল সংলগ্ন লেকে অতিথি পাখি দেখা গেলেও সেখানে এখন আর পাখি বসে না। প্রশাসনিক ভবন সংলগ্ন লেক দুটির অবস্থাও ভালো নয়।

সংশ্লিষ্টদের আশংকা, অচিরেই লেক সংস্কারের উদ্যোগ না নিলে একদিন হয়তো থেমে যাবে অতিথি পাখির এই কলকাকলি। তবে এমন পরিস্থিতি সৃষ্টি হতে দিতে চান না উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান। তিনি বলেন, “আমরা পরিবেশ সচেতন। এরই মধ্যে ক্যাম্পাসের কয়েকটি লেক ইজারামুক্ত করেছি। পাখিদের জন্য সেগুলো সংরক্ষণের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”