নির্বাচনে এরশাদের অংশ নেওয়া অনিশ্চিত
জাপানি বোট ক্রয় দুর্নীতি মামলায় সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের আপিল খারিজ করে দিয়েছে হাইকোর্ট। মামলায় নিম্ন আদালতে দেয়া তিন বছরের কারাদণ্ডের সাজা কমিয়ে দুই বছর করা হয়েছে।
এ রায়ের ফলে আগামি সংসদ নির্বাচনে এরশাদের অংশগ্রহনের বৈধতা নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। রায়ের বিরুদ্ধে এরশাদ আপিল বিভাগে আবেদন করবেন।
রাষ্ট্রপক্ষের কৌসুলী হেলালউদ্দিন মোল্লা বলেছেন, এতে করে এরশাদ আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না। তবে ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ বলেছেন, এরশাদ ৬ বছর সাজা খেটেছেন এবং এজন্য গত জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে কোন বাধা নেই।
জাপানি বোট ক্রয় দুর্নীতি মামলায় ১৯৯৫ সালের ৬ জুলাই ঢাকা বিভাগীয় বিশেষ জজ আদালত এরশাদকে তিন বছরের কারাদণ্ড দেয়।
মামলার অভিযোগে বলা হয়েছিল, ১৯৮৯ সালের ২৭ ফেব্রুয়ারি থেকে ২ ডিসেম্বর পর্যন্ত ত্রাণ মন্ত্রনালয় ৫শ ২০ টি নৌযান ১০ টি পানি পরিশোধন যন্ত্র ৩৩ কোটি টাকায় ক্রয় করার ক্ষেত্রে এরশাদ প্রভাব বিস্তার করে ৬ কোটি টাকা আত্মসাত করে সরকারের ক্ষতিসাধন করেছেন। ১৯৯১ সালের ২২ জুলাই রমনা থানায় মামলাটি দায়ের করেন দুর্নীতি দমন ব্যুরোর তৎকালীন উপ পরিচালক এ কে এম হোসেন।
রায় প্রত্যাখান করে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে দলের নেতা-কর্মীরা হাইকোর্টে মিছিল করে এবং রাষ্ট্রপতি ও বিচারকের বিরুদ্ধে শ্লোগান দেয়।
রুহুল আমিন হাওলাদার হঠাৎ করে মামলার শুনানি ও রায় হওয়াকে উদ্দেশ্য প্রণোদিত ও নজিরবিহীন মন্তব্য করে বলেন,“ জাতীয় পার্টিকে ধ্বংস করার জন্য এ রায় দেয়া হয়েছে। জনগণ এ ষড়যন্ত্রের জবাব দিবে। ” তিনি জানান, এ রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।
জাতীয় পার্টির নেতা কাজী জাফর আহমেদ রায়কে উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেন। জাতীয় পার্টির নেতা আনিসুল ইসলাম মাহমুদ বলেন, বুধবার ও বৃহস্পতিবার এ মামলার শুনানি হয়নি। শুনানি ছাড়াই আদালত রায় দিয়ে দিয়েছে।
এরশাদের কৌসুলী এ বি এম সিদ্দিকুর রহমান খান অভিযোগ করেন, “আমরা মামলায় এরশাদের পক্ষে বক্তব্য যথাযথভাবে উপস্থাপনের সুযোগ পাইনি। বৃহষ্পতিবার রায়ের দিনও ধার্য ছিলনা। ছিল মামলায় সময় আবেদনের ওপর শুনানির দিন।”
এরশাদের অপর এক কৌসুলী মামুন চৌধুরী বলেন, “সময়ের আবেদন খারিজ করে আপিলের শুনানি না করেই আদালত রায় দিয়ে দিয়েছে। আমাদেরকে শুনার ও বলার কোন সুযোগ না দিয়েই এই রায় দেয়া হয়েছে।”
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত এটর্নি জেনারেল আবদুর রেজ্জাক খান ও ডেপুটি এটর্নি জেনারেল হেলালউদ্দিন মোল্লা।
হেলালউদ্দিন মোল্লা বলেন, “জাপানি বোট ক্রয় দুর্নীতি মামলায় এরশাদের ২ বছরের সাজা হওয়ায় সংবিধানের ৬৬ (২) (ঘ) অনুচ্ছেদের বিধান অনুসারে তিনি আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না। তাকে এখন নিম্ন আদালতে আত্মসমর্পন করে রায়ের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে আপিল করতে হবে। কত দিনের মধ্যে আত্মসমর্পন করতে হবে তা আদালত তার রায়ে নির্ধারণ করে দেবেন। আপিলে হাইকোর্টের রায় স্থগিত হলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন।”
হঠাৎ করে মামলাটি পুনরুজ্জীবিত করা হয়েছে বলে জাতীয় পার্টির অভিযোগের জবাবে হেলালউদ্দিন মোল্লা বলেন, ‘আপিলটি ১৯৯৫ সালের। ২০০৫ সালের ৫ ডিসেম্বর আপিলটি তালিকাভুক্ত হয়েছিল। এছাড়াও এ সরকারের আমলে কয়েকবার মামলাটি তালিকায় এসেছিল। এরশাদের কৌসুলীকে জানিয়ে পুরাতন এ মামলাটি শুনানির জন্য নির্ধারন করেছি।’
বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ বলেন, “ এরশাদের আইনজীবী বলেছেন এ মামলা শুনানির জন্য সময় দেয়া হয়নি। যে গতিতে মামলা নিষ্পত্তি হয়েছে তাতে রাজনীতির গন্ধ পেয়েছি।” তিনি অভিযোগ করেন, এরশাদ ১৪ দলীয় জোটে যোগ দেয়ার ইচ্ছা প্রকাশ করায় পর মামলাগুলো উজ্জীবিত করা হয়েছে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আবদুল বাসেত মজুমদার বলেন,“ মামলা তার নিজস্ব গতিতে চলে। এরশাদ ১৪ দলীয় জোটে যাওয়ার কথা বলায় হঠাৎ করে মামলাটি উঠে বিচার করাতে এর উদ্দেশ্য নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে।”
এরশাদের বিরুদ্ধে এ মামলায় নিম্ন আদালতের বিশেষ পিপি মাসুদ আহমেদ তালুকদার বলেন, “হাইকোর্ট যে রায় দিয়েছে তা আপিল বিভাগ বহাল রাখলে এরশাদের পক্ষে নির্বাচনে যাওয়া সম্ভব নয়।”
এরশাদের মামলার শুনানি ও রায় সামনে রেখে অপ্রীতিকর ঘটনার আশংকায় বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে ৬ প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়।
বৃহস্পতিবারের শুনানিতে এরশাদের কৌসুলী আজমালুল হোসেন কিউ সি বলেন, জাপানি বোট ক্রয় মামলাটি একটি রাজনৈতিক মামলা। এরশাদ ৪ দলীয় জোটে যায়নি বলে এ মামলায় যাতে তার সাজা বহাল থাকে সেজন্য তারা উঠে পড়ে লেগেছে। তিনি এরশাদের পক্ষে মামলায় শুনানিতে প্রস্তুতি নেয়াসহ ব্যক্তিগত কারণে আগামী মাসের ১৫ তারিখ পর্যন্ত সময়ের আবেদন জানান। সকাল সাড়ে এগারোটায় এরশাদের তরফ থেকে দায়ের করা এ সময়ের আবেদনটি হাইকোর্ট খারিজ করে দেয়। এরপর এরশাদের পক্ষে কৌসুলী আজমামলুল হোসেনের জুনিয়র এডভোকেট সিদ্দিকী এ মামলার পেপারবুক থেকে নিম্ন আদালতের রায় পড়েন।
সময়ের আবেদন খারিজ করে দেয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে এরশাদের পক্ষ থেকে বৃহষ্পতিবারই আপিল দায়ের করা হয় সুপ্রিম কোর্টে।
বৃহস্পতিবার দুপুর আড়াইটায় রায় দেওয়া শুরু করে হাইকোর্ট। এরশাদের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আপিল দায়েরের বিষয়টি জানানো হলে আদালত রায় দেওয়া স্থগিত করে এক ঘন্টা অপেক্ষা করে। এর মধ্যে আদালত এটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলীর এ বিষয়ে মতামত জানতে চাইলে তিনি বলেন, সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ না দেয়ায় আদালত মামলার কার্যক্রম চালিয়ে যেতে পারেন। এরপর বিকাল পৌনে ৪ টায় রায় দেয়া শুরু হয়ে সোয়া ৪ টায় শেষ হয়।
এদিকে এরশাদের বাড়ি থেকে ২ কোটি টাকা ও স্বর্নালংকার উদ্ধার সংক্রান্ত দুর্নীতি মামলার আপিলের শুনানি আগামী ১০ জানুয়ারি পর্যন্ত মূলতবি করা হয়েছে। বিচারপতি শরীফউদ্দিন চাকলাদার ও বিচারপতি শেখ আবদুল আওয়াল সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এরশাদের পক্ষে সময়ের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার এই আদেশ দেন।
