২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্মরি তোমাদেরই নাম

ভালোবাসা, শোক আর শ্রদ্ধায় জাতি স্মরণ করছে ১৯৭১ সালে বিজয়ের আগের মুহূর্তে প্রাণ দেওয়া শহীদ বুদ্ধিজীবীদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2006, 02:41 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

বৃহস্পতিবার সকাল সাতটায় রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ এর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে রাষ্ট্রীয়ভাবে অনুষ্ঠানটি পালন শুরু হয়। সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল সেসময় শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।

রাষ্ট্রপতির পরই মিরপুরে আসেন জাতীয় সংসদের স্পিকার জমিরউদ্দিন সরকার। এর পরপরই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

সকাল সাড়ে সাতটায় স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে মিরপুরে আসেন খালেদা জিয়া। এর ১৫ মিনিট পরে দলীয় সভাপতিমণ্ডলীর সদস্যদের নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা।

তারপরই শুরু হয় বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ। মিরপুরের শহীদ বুদ্ধিবীবীদের কবর এবং রায়েরবাজারে বুদ্ধিজীবীদের স্মৃতিবিজড়িত বধ্যভূমি চলে যায় সাধারণের দখলে।

বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে আসা রাজনৈতিক নেতা-কর্মীদের এবার বিভিন্ন শ্লোগান দিতে দেখা যায়। এ প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে ১৯৭১ এ শহীদ বুদ্ধিজীবীদের একজন সিরাজুদ্দীন হোসেনের ছেলে জাহীদ রেজা নূর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, এবারে বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে আসা সবার মধ্যে বেশ একটা জঙ্গি মনোভাব দেখা গেছে। এবারে লোকসংখ্যাও অনেক বেশি হয়েছে। এর কারণ হতে পারে যে, সামনে নির্বাচন। সবাই রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই এখানে এসেছে।

তবে এটা তার ভালো লাগেনি উল্লেখ করে তিনি বলেন, ১৪ ডিসেম্বর হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। একুশে ফেব্রুয়ারি যেভাবে ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়, এটাও সেরকম হওয়া উচিত।

দিবসটি উপলক্ষে ইয়াজউদ্দিন আহম্মেদ, খালেদা জিয়া ও শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন।

বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন দিবসটি উৎযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। সকাল সাড়ে ছয়টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধূর প্রতিকৃতিতে ফুল দেওয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের উদ্যোগে ‘দুর্বৃত্তায়ন সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতার বীজ উৎপাটনে পূর্ণ হোক শহীদের স্বপ্ন সাধ’ স্লোগান দিয়ে সকাল ১১ টায় সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য চত্বরে পথচিত্রাঙ্কন, বিকেল চারটায় আলোচনা সভা ও পাঁচটায় প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এছাড়া সংগঠনের লালবাগ থানা সংসদের উদ্যোগে রায়ের বাজার বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোকচিত্র, পোস্টার, কবিতা ও ব্যঙ্গচিত্র, পেপারকাটিং প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।