২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে নিটওয়্যার কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড

কোনাবাড়িতে বুধবার দুপুরে খাদিজা নিট ওয়্যারে এক ভয়াবহ অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পুড়ে গেছে তৈরি টি শার্ট, সুতা ও মূল্যবান যন্ত্রপাতি। আহত হয়েছেন প্রতিষ্ঠানের হিসাব রক্ষক মো. রিয়াজ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2006, 09:24 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

দুপুর ২টার দিকে মধ্যাহ্ন ভোজের কর্মবিরতির সময় চারতলা ভবনের তৃতীয় তলা থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে।

গাজীপুর, টঙ্গী ও ইপিজেড দমকল বাহিনীর ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগেই ফ্লোরে রাখা ১ লাখ পিস টি শার্ট, সুতা ও যন্ত্রপাতি পুড়ে যায় বলে জানান খাদিজার উৎপাদন ব্যবস্থাপক মো. রবিউল। তিনি দাবি করেন, এতে ক্ষয়ক্ষতির পরিমান দাঁড়িয়েছে ৫ কোটি টাকা।

দুই ঘন্টা ধরে চেষ্টা চালিয়ে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

তবে ক্ষয়ক্ষতির পরিমান ১ কোটি টাকার বেশি হবে না বলে মনে করছেন গাজীপুর দমকল বাহিনীর উপ-পরিচালক শহিদুর রহমান।

তিনি বলেন, কারখানায় অগ্নিনির্বাপনের নিজস্ব ব্যবস্থা ছিল না। নির্গমনের দুইটি পথের একটি তালা মারা ছিল।