২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেঁতুলিয়া ও আটোয়ারী সীমান্তে বিএসএফের গুলি

মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে তেঁতুলিয়ার কাজিপাড়া ও হাফতিয়াগজ সীমান্তে বাংলাদেশী লোকজনকে লক্ষ্য করে ভারতীয় বিএসএফ সদস্যরা কমপক্ষে ৩০ রাউন্ড গুলি ছুড়েছে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2006, 09:05 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

এ ঘটনায় কেউ হতাহত না হলেও উভয় সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এদিকে পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে বিডিআর-বিএসএফের মধ্যে বুধবার ব্যাটালিয়ান পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

তেঁতুলিয়া সীমান্তে গোলাগুলির কারণেই এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। তবে পঞ্চগড় ২৫ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদুল হক একে ‘সৌজন্য বৈঠক’ বলেছেন।

বুধবার সকাল সাড়ে ১১টায় তেঁতুলিয়ার হাফতিয়াগজ সীমান্তে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে বিডিআরের পক্ষে পঞ্চগড় ২৫ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদুল হক শাহেদ ও বিএসএফের পক্ষে ১০ বিএন বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট কোনাল মজুমদার নেতৃত্ব দেন।

বিডিআর সুত্রে জানা গেছে, সীমান্তে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে উভয়পক্ষ একমত হয়েছে। এছাড়া অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান এবং নারী ও শিশু পাচার রোধসহ সীমান্ত সংশি¬ষ্ট নানা বিষয়ে আলোচনা হয়।

মঙ্গলবার সকালে আটোয়ারী উপজেলার বালাপাড়া সীমান্তে বিডিআর-বিএসএফের মধ্যে কমপক্ষে ২০ রাউন্ড গোলাগুলি হয়েছে। বাংলাদেশী কৃষকরা জমিতে হালচাষ করতে গেলে মরাগাতি বিএসএফ সীমান্ত ফাঁড়ির সদস্যরা তাদেরকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়।

কৃষকরা পালিয়ে এসে বালাপাড়া বিডিআর সীমান্ত ফাঁড়িতে খবর দেয়। বিডিআর ওই সীমান্তে অবস্থান নিয়ে পাল্টা গুলি বর্ষণ করে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।