২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্তমান অবস্থায় সেনাবাহিনী পুলিশের কাজ করলে ক্ষতি নেই: শফিকুল হক চৌধুরী

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সেনাবাহিনী সাহায্য করলে কোনো ক্ষতি নেই বলে মনে করেন নবনিযুক্ত উপদেষ্টা শফিকুল হক চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2006, 02:51 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

শফিকুল হক চৌধুরী বলেন, “দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়। এ অবস্থায় তারা পুলিশের কাজ করলে কোনো সমস্যা নেই।”

সেনাবাহিনী মোতায়েন প্রসঙ্গে শফিকুল হক চৌধুরী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কার্যালয়ে বুধবার সকালে প্রথমবার দপ্তরে এসে সাংবাদিকদের একথা বলেন।

শফিকুল হক চৌধুরী মনে করেন, নির্বাচন কমিশনে নিরপেক্ষতার চেয়েও ভারসাম্য বেশি দরকার।

১৪ দলের দাবি অনুযায়ী দুই নির্বাচন কমিশনার পদত্যাগ না করলেও সুষ্ঠু নির্বাচন সম্ভব মন্তব্য করে তিনি বলেন, “তারা পদত্যাগ করলে নির্বাচন যদি সুষ্ঠু হয় তাহলে তা গ্রহণযোগ্য। অবশ্য তারা পদত্যাগ না করলেও সুষ্ঠু নির্বাচন সম্ভব। এক্ষেত্রে অন্য একটি উপায় আছে। তা হলো একাধিক কমিশনার নিয়োগ দিয়ে ভারসাম্য রক্ষা করা।”

গুচ্ছ প্রস্তাব ও তা বাস্তবায়ন প্রসঙ্গে শফিকুল হক চৌধুরী বলেন, “উপদেষ্টাদের প্রস্তাবিত প্যাকেজ প্রস্তাবের যে ১০ শতাংশের বাস্তবায়ন এখনও বাকি রয়েছে তারা তা আলোচনা করে বাস্তবায়নের চেষ্টা করবেন। পদত্যাগকারী উপদেষ্টারা নতুনদের রাস্তা তৈরি করে দিয়েছেন এ ১০ শতাংশ প্রস্তাব বাস্তবায়নের।”

শফিকুল হক চৌধুরী অবশ্য উপদেষ্টাদের পদত্যাগের ধরনের সঙ্গে তিনি দ্বিমত পোষণ করেন। তিনি বলেন, “আমি হলে চারজন একসাথে নয় বরং সাতদিন পর পর একে একে পদত্যাগ করতাম।”

কোনো শর্ত সাপেক্ষে তিনি উপদেষ্টার পদ গ্রহণে রাজি হয়েছেন কিনা এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, “কোনো শর্ত দিয়ে আমাকে আনা হয়নি।”