জয়পুরহাটে ৩ গ্রাম পুলিশ খুন
ক্ষেতলাল উপজেলার ফাঁসীতলা এলাকায় বুধবার রাতে তিন গ্রাম পুলিশকে জবাই করে হত্যা করেছে কথিত সন্ত্রাসীরা।
নিহতরা হলেন ক্ষেতলাল উপজেলার আইমাপুর গ্রামের আবদুল জলিল, তাঁতিপাড়া গ্রামের বাচ্চু মিয়া এবং বাড়ল গ্রামের রাইসুল। তারা প্রত্যেকেই মাহমুদপুর ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ হিসেবে কর্মরত ছিলেন।
এলাকাবাসী জানায়, ফাঁসীতলা ব্রিজে পাহারা দেওয়ার সময় একদল কথিত সন্ত্রাসী তাদের জবাই করে ব্রিজের পশ্চিমে প্রায় এক কিলোমিটার দূরে একটি ফাঁকা মাঠে ফেলে রেখে যায়। তারা আরও জানান, সম্প্রতি ওই এলাকায় বেশ কয়েকটি ট্রাক ডাকাতি, টাকা ও মোটর সাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
পুলিশ সুপার তানভীর হায়দার চৌধুরী জানান, সন্ত্রাসীদের ছিনতাই বা ডাকাতি কাজে ব্যাঘাত ঘটার কারণেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে তদন্ত ছাড়া কিছু বলা যাচ্ছে না।
মাহমুদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুর রশিদ বকুল জানান, নিহতদের সঙ্গে কারও শত্রুতা ছিল না। তারা অত্যন্ত নিরীহ প্রকৃতির ছিলন। সন্ত্রাসী, চুরি, ছিনতাই কাজে জড়িতরা এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
