বিতর্কিত শিক্ষকের অপসারণ দাবিতে জাবিতে মিছিল সমাবেশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক গোলাম মোস্তাফার বিরুদ্ধে ওঠা যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে তার অপসারণ দাবি করেছে সাধারণ শিক্ষার্থীরা। রোববার তারা ক্যাম্পাসে মিছিল-সমাবেশ করে।
বাংলা বিভাগের শিক্ষার্থীরা ১৬ ডিসেম্বরের মধ্যে অভিযুক্ত শিক্ষকের অপসারণ চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে। সোমবার থেকে দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রতিদিন তারা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট ও মিছিল সমাবেশ করবে।
একই দাবিতে রোববার ক্যাম্পাসে মিছিল করেছে প্রগতিশীল ছাত্রজোট। এছাড়া শিক্ষার্থীদের স্বাক্ষর সংগ্রহ করছে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট।
এদিকে ঘটনা তদন্তে গঠিত সত্যাসত্য যাচাই কমিটি রোববার পর্যন্ত কাজ শুরু করেনি। কমিটির সভাপতি ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক সিকান্দার দারা শামসুদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে এ কথা জানান।
চলমান আন্দোলনকে গভীর ষড়যন্ত্র দাবি করেছেন বিতর্কিত শিক্ষক গোলাম মোস্তফা। তিনি বলেন, বিরুদ্ধ একটি মহল অনৈতিকভাবে বিভাগের শিক্ষার্থীদের আন্দোলনে নামিয়েছে।
