‘সুষ্ঠু নির্বাচনের জন্য আন্তরিকভাবে কাজ করছেন উপদেষ্টারা’
তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম আজিজুল হক নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অবৈধ অস্ত্র উদ্ধার ও অস্ত্রধারীদের দ্রুত গ্রেফতার করতে হবে।
শুক্রবার বিকেলে ফরিদপুর জেলার আইন-শৃঙ্খলা পর্যালোচনা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে আজিজুল হক বলেন, সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।
ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক ইয়াহ্ইয়া ভূঁইয়া। সভায় ফরিদপুরের পুলিশ সুপার মাসুদুল আলম জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির প্রতিবেদন পড়ে শোনান।
এসময় জেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাসহ পৌর চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক অবস্থা নিয়ে রাজনৈতিক নেতা, পৌর চেয়ারম্যান ও সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
