২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা প্রেসক্লাবে জনযুদ্ধের লিফলেট

নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী দল পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এম.এল-জনযুদ্ধ) নামে কে বা কারা খুলনা প্রেসক্লাবে লিফলেট দিয়েছে। বৃহস্পতিবার সকালে খুলনা প্রেসক্লাবের নীচতলার গেটের ভিতর এক বান্ডিল লিফলেট পাওয়া যায়।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2006, 08:35 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

লিফলেটের শিরোনাম ছিল-ভোটের পথ নয় : সশস্ত্র সংগ্রামই আমাদের মুক্তির পথ।

মাও সেতুং এর ছবি সম্বলিত সাদা কাগজের উভয় পৃষ্ঠায় কম্পিউটার কম্পোজ এবং পরে তা ফটোকপি করা ছিল ওই লিফলেটগুলো।

পার্টির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সশস্ত্র বিপ্লবী অভিনন্দন জানিয়ে প্রচার করা ওই লিফলেটে বলা হয়, আগামী সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে ভোটবাজ ও তাদের চেলা চামুণ্ডারা তাদের স্ব স্ব দলের পক্ষ থেকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের পক্ষে টানার চেষ্টা করছে।

লিফলেটে আরও বলা হয়, ধনীক শ্রেনীর মতাদর্শের ভিত্তিতে গড়া রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতসহ তাদেরই লেজুড়বৃত্তিকারী সমস্ত নির্বাচনপন্থী দল ক্ষমতায় অসীন হয়ে সংসদ নামক শুয়োরের খোয়াড়ে বসে যে আইন তৈরি করে তা দিয়ে আপনার এবং আপনাদের শ্রেনীর স্বার্থ রক্ষা হয় না। আর তাই এ সমস্ত রাজনীতির মুখে পদাঘাত করে কৃষক শ্রমিক মেহনতি মানুষের মতাদর্শ গড়ে তুলতে হবে। আর তা কেবলমাত্র সশস্ত্র বিপ্লবের মাধ্যমেই সম্ভব।

এ ব্যাপারে ডেপুটি কমিশনার (দক্ষিণ) সাখাওয়াত হোসাইন জানান, আতঙ্ক সৃষ্টির জন্য এটা করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে।