দুইদিনের মধ্যেই সঙ্কট কেটে যাবে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ মনে করছেন, দুইদিনের মধ্যেই রাজনৈতিক অচলাবস্থার অবসান হয়ে যাবে।
মিরপুরে ন্যাশনাল ডিফেন্স কলেজে সাংবাদিকদের রাষ্ট্রপতি বলেন, “আশা করছি দুইদিনের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে।”
এর আগে রাষ্ট্রপতি ২০০৬ সালের ন্যাশনাল ডিফেন্স কোর্স এবং আর্মড ফোর্সেস ওয়্যার কোর্সে উত্তীর্ণদের মধ্যে সনদ বিতরণ করেন। রাষ্ট্রপতি সদ্য স্নাতক হওয়া সামরিক কর্মকর্তা ও তাদের পরিবারবর্গ, সিনিয়র সামরিক কর্মকর্তা, কূটনীতিবদ এবং সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর একজন সাংবাদিকের সঙ্গে করমর্দন করে ইয়াজউদ্দিন আহম্মেদ বলেন, “আপনারা অনেক কষ্ট করছেন।”
রাজনৈতিক এ দ্বন্দ্বমুখ পরিস্থিতিতে সাংবাদিকরা প্রতিদিনই বঙ্গভবনের বাইরে দাঁড়িয়ে খবর সংগ্রহ করছেন। রাষ্ট্রপতি জানালেন, শিগগিরই সাংবাদিকদের চায়ের নিমন্ত্রণ জানাবেন তিনি।
