মনোনয়নের ক্ষেত্রে স্পিকার ও ডেপুটি স্পিকারকে ছাড়
আসন্ন সংসদ নির্বাচনে মনোনয়ন দেয়ার ক্ষেত্রে স্পিকার মুহাম্মদ জমির উদ্দিন সরকার ও ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকিকে ছাড় দিয়েছে বিএনপি নেতৃত্ব। সংসদীয় বোর্ডে সাক্ষাৎকার দিতে হবে না তাদের কাউকে।
বণানীর হাওয়া ভবনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নেতৃত্বাধীন বোর্ডে বৃহস্পতিবার সাক্ষাৎকার দিয়েছেন স্পিকারের পঞ্চগড়-১ ও ডেপুটি স্পিকারের নওগাঁ-৩ আসনে মনোনয়ন প্রত্যাশীদের সবাই।
ডেপুটি স্পিকার আখতার হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চেয়ারপার্সন আমাকে এবং স্পিকারকে সংসদীয় বোর্ডের মুখোমুখি হওয়ার দিরকার নেই বলে জানিয়েছেন। তাদের বিচারবিবেচনার জন্য আমাদের মনোনয়ন পত্রই যথেষ্ট।”
তিনি বলেন, অষ্টম সংসদের মেয়াদ পেরিয়ে গেলেও তারা এখনো স্পিকার ও ডেপুটি স্পিকার পদে বহাল আছেন বলে দলের নীতি নির্ধারকরা একথা বলেছেন।
স্পিকার জমির উদ্দিন সরকারের সামনে প্রবল প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়ে আছেন সাবেক স্পিকার মির্জা গোলাম হাফিজের ছেলে ইরফান বাবু। কয়েকদিন আগে জমিরউদ্দিন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, দল তাঁকে মনোনয়ন না দিলেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদন্দিতা করবেন না।
স্পিকার এবং ডেপুটি স্পিকার দুজনেই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মনোনয়নের ব্যাপারে তাঁরা খুবই আশাবাদী।
