২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুক্রবার থেকে রাবির ভর্তি পরীক্ষা শুরু, প্রতি আসনে ৭৯ প্রতিযোগী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০০৬-০৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা শুক্রবার থেকে শুরু হচ্ছে। পরীক্ষা চলবে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2006, 05:44 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

শুক্রবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ফিশারিজ, ১১ টা থেকে ১২ টা পর্যন্ত ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা এবং বিকেল ৩ টা থেকে ৪ টা পর্যন্ত এগ্রোনমি এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার আসন বিন্যাসসহ ভর্তি সংশ্লিষ্ট প্রয়োজনীয় তথ্যাবলী প্রার্থীদেরকে নিজ দায়িত্বে সংশ্লিষ্ট বিভাগ থেকে জেনে নিতে বলা হয়েছে। অনিবার্য কারণে কোন তারিখের পরীক্ষা না হলে ওই দিনের পরীক্ষাগুলো সব পরীক্ষা শেষে অনুষ্ঠিত হবে। অন্যদিকে ওই দিন ছুটি বা বন্ধ থাকলে তার পরের দিন পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, এ বছর ৪৮ বিভাগে ৩ হাজার ২৫০টি আসনের বিপরীতে ২ লাখ ৫৬ হাজার ৪৫৪টি ফরম জমা পড়েছে। প্রতি আসনে গড়ে ৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। গণযোগাযোগ বিভাগে একটি আসনের বিপরীতে সর্বোচ্চ ১৭৫ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

রাবি উপাচার্য অধ্যাপক এম আলতাফ হোসেন ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সবার সাহায্য চেয়েছেন। ভর্তি পরীক্ষার সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে তিনি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক এনামুল হক জানান, ভর্তি পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব পুলিশ প্রশাসনের হাতে ন্যস্ত করা হয়েছে। পুলিশের পাশাপশি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা ভর্তিচ্ছুদের সহায়তায় ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেবেন বলে তিনি জানান।