উত্তরায় গুলি করে আড়াই লাখ টাকা ছিনতাই
রাজধানীর উত্তরায় স্বর্ণের দোকানে চাঞ্চল্যকর ডাকাতির কয়েক ঘন্টার মধ্যেই সন্ত্রাসীরা বুধবার দুপুরে আব্দুল কাদের নামের একজনকে গুলি করে তার আড়াই লাখ টাকা ছিনিয়ে নিয়েছে।
পুলিশ মোটরসাইকেল আরোহী তিন ছিনতাইকারীর মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে। কিন্তু তন্ময় নামের এক ছিনতাইকারী টাকা নিয়ে পালিয়ে যায়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত খায়রুল আলম ওরফে সাইদুল এবং জাহিদুর রহমান জাহিদ নিজেদের ছাত্রদলের কর্মী বলে দাবি করেছে।
তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের ৩০৩ নম্বর কক্ষে থাকে বলে উল্লেখ করে পুলিশকে জানায়, ছাত্রদলের হল শাখার সভাপতি হুমায়ন কবীরও ওই কক্ষে থাকেন।
কিন্তু হুমায়ন কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, তিনি তাদের চেনেন না। কোন বহিরাগতও তার কক্ষে থাকে না বলে তিনি দাবি করেন।
পুলিশ জানায়, উত্তরার ৩ নম্বর সেক্টরের ইসলামী ব্যাংক থেকে দুপুর সাড়ে বারোটার দিকে টাকা তুলে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীরা আব্দুল কাদেরের ওপর চড়াও হয়।
এর আগে বুধবার ভোরে ডাকাতরা উত্তরার মাসকট প্লাজায় চারটি সোনার দোকান থেকে প্রায় ২৫ কোটি টাকার ১৪০ কেজি সোনা ডাকাতি করে নিয়ে যায়।
