২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সুপ্রিম কোর্ট এলাকায় পাল্টাপাল্টি মিছিল সমাবেশ

সুপ্রিম কোর্টে ভাংচুরের ঘটনায় সোমবারও দুই পক্ষের আইনজীবীরা পাল্টাপাল্টি মিছিল-সমাবেশ করেছে। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2006, 08:12 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

সকাল পৌনে ১১টায় সমিতির দক্ষিণ হলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রধান বিচারপতির পদত্যাগ দাবিতে সমাবেশ করে। সমিতির সহ-সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশ থেকে ৩০ নভেম্বরের ভাংচুরের ঘটনায় তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

ব্যারিস্টার শফিক আহমেদকে প্রধান করে গঠিত আট সদস্যের কমিটির অন্য সদস্যরা হলেন, আইনজীবী সমিতির সাবেক সভাপতি আব্দুল বাসেত মজুমদার, মো. ওজায়ের ফারুক, মাহবুবে আলম, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ব্যারিস্টার জিয়াউর রহমান খান, বার কাউন্সিলের সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, ও সদস্য সচিব এম এ আমিনউদ্দিন।

কমিটি দুই সপ্তাহের মধ্যে সমিতিকে রিপোর্ট দেবে।

এরপর অবরোধ কর্মসূচির সমর্থনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির একটি মিছিল বের হয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে কদম ফোয়ারা চত্বরে সমাবেশ করে। এতে বক্তব্য রাখন সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু, আব্দুল বাসেত মজুমদার, মাহবুবে আলম, ওজায়ের ফারুক প্রমুখ।

অন্যদিকে ভাংচুরের প্রতিবাদে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মিছিল সমাবেশ করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। ফোরামের আহ্বায়ক খন্দকার মাহবুবউদ্দিন আহমাদের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন সদস্য সচিব শাহ খসরুজ্জামান, সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল প্রমুখ।

বক্তারা ভাংচুরের জন্য দায়ীদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।