নারায়ণগঞ্জে বাড়ির সবাইকে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি
শহরের বাবুরাইলে জনৈক মাহমুদ হোসেনের বাড়ি থেকে শনিবার রাতে একদল ডাকাত নগদ তিন লাখ টাকা, ৪০ ভরি স্বর্ণালংকারসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
গৃহকর্তা জানান, রাত ৩ টার দিকে ১০/১২ জনের একটি ডাকাত দল দোতলা ভবনের পিছনের সিঁড়ি দিয়ে উঠে লোহার গেটের তালা ভেঙ্গে ভিতরে ঢোকে। এসময় ডাকাত দলটি অস্ত্রের মুখে পরিবারের পাঁচ সদস্যকে জিম্মি করে ডাকাতি করে চলে যায়।
নারায়ণগঞ্জ থানার ওসি মঈনউদ্দিন জানান, ডাকাতির সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
স্থানীয় ওয়ার্ড কমিশনার হাজী ওবায়েদ উল্লাহ অভিযোগ করেন, গত এক বছরে এ এলাকায় ৪/৫টি ডাকাতির ঘটনা ঘটেছে। কোনটারই কুল কিনারা করতে পারেনি পুলিশ।
